নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নিজের পদমর্যাদামন্ত্রীদের চেয়েও বেশি বলে দাবি করেছেন। তিনি বলেন, আমি শুধু একজন এমপি নই, আমি একজন মন্ত্রী। আমার গাড়িতে জাতীয় পতাকা থাকে। জাতীয় সংসদে মন্ত্রীরা যেখানে মাসে একবার কথা বলেন, আমি অধিবেশনে প্রতিদিন দু-তিনবার কথা বলতে পারি। অতএব, আমার পদমর্যাদা মন্ত্রীদের চেয়েও বেশি।
রোববার (৩১ মে) কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জামায়াতের চেয়ে ১০ শতাংশ ভোট বেশি পেয়েছে এবং জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি ও জোটগতভাবে ৭৭টি আসন পেয়েছে। ভবিষ্যতে জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন নিয়ে তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে তিনি চৌদ্দগ্রাম এলাকার অবকাঠামো উন্নয়নে ১২০ কোটি টাকা এবং পরবর্তীতে আরও ১০০ কোটি টাকা বরাদ্দ এনেছেন।
