আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান ও ইরানসহ প্রতিবেশী বিভিন্ন দেশ থেকে একদিনে ৩৭৫টি আফগান অভিবাসী পরিবার আফগানিস্তানে প্রত্যাবর্তন করেছে। অভিবাসী ও প্রত্যাবর্তনকারী সংক্রান্ত উচ্চ কমিশন তাদের দেশে ফেরার বিষয়টি নিবন্ধন ও বায়োমেট্রিক যাচাইকরণের মাধ্যমে নিশ্চিত করেছে।
সোমবার এই বিপুল সংখ্যক পরিবার নিজ দেশে ফিরে আসে বলে আফগান প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
আফগানিস্তানের ইসলামিক আমিরাতের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত আজ মঙ্গলবার জানান, উচ্চ কমিশনের সচিবালয় জোরপূর্বক ফেরত পাঠানো শত শত অভিবাসী পরিবারকে বিভিন্ন ধরনের জরুরি সেবা প্রদান করেছে। এসব সেবার মধ্যে রয়েছে নিবন্ধন, পরিবহন সুবিধা, নগদ আর্থিক সহায়তা, স্বাস্থ্যসেবা এবং সচেতনতামূলক কার্যক্রম। সরকারি তথ্য অনুযায়ী, ফেরত আসা পরিবারগুলো তোড়খাম, স্পিন বোল্দাক, ইসলাম কালা এবং সিল্ক রোড সীমান্ত ক্রসিং দিয়ে আফগানিস্তানে প্রবেশ করে এবং সেখানে তাদের দাপ্তরিকভাবে তালিকাভুক্ত করা হয়। এর বাইরে সিল্ক রোড রুট দিয়ে আরও ১ হাজার ৫৮০ জন যাত্রী দেশে ফিরেছেন।
অভিবাসী পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে পরিবহন কমিটি গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ১৩৩ জন সদস্যের মোট ৭৩০টি পরিবারকে দেশটির বিভিন্ন প্রদেশে স্থানান্তরের ব্যবস্থা করেছে। এই পরিবহন খরচ বাবদ ৩ কোটি ৩৫ লাখ আফগানির (AFN) বেশি অর্থ ব্যয় করা হয়েছে। একই সাথে নগদ সহায়তা কর্মসূচির আওতায় ৩০৩টি প্রত্যাবর্তনকারী পরিবারকে মোট ২৯ লাখ ৯২ হাজার আফগানি আর্থিক অনুদান দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও টেলিযোগাযোগ খাতের অধীনে শত শত শরণার্থীকে জরুরি চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি তাদের মাঝে বিনামূল্যে সচল প্যাকেজসহ ২৮০টি সিম কার্ড বিতরণ করা হয়েছে।
এদিকে স্থায়ী আবাসন ও জমি বণ্টন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, নানগারহার, ফারিয়াব, ফারাহ এবং হেলমান্দ প্রদেশে ইতোমধ্যে ১ হাজার ২৪১টি পরিবারকে আবাসিক প্লট দেওয়া হয়েছে। কর্মকর্তারা উল্লেখ করেছেন, প্রত্যাবর্তনকারী অভিবাসীদের মধ্যে এ পর্যন্ত মোট ৩৬ হাজার ৯৬০টি প্লট বিতরণ করা হয়েছে এবং এই প্রক্রিয়াটি বর্তমানেও চলমান রয়েছে। অভিবাসী ও প্রত্যাবর্তনকারী সংক্রান্ত উচ্চ কমিশনের কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, ফিরে আসা নাগরিকদের পুনর্বাসনে বিভিন্ন খাতে নিয়মিত সহায়তা সেবা অব্যাহত রয়েছে এবং তাদের জন্য সুযোগ-সুবিধা ও অনুদান আরও সম্প্রসারণের প্রচেষ্টা চলছে।
টিএইচএ/
