নিজস্ব প্রতিবেদক:: দৈনিক কালবেলা পত্রিকায় ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক (ডিজি) মুফতী মুহিবুল্লাহিল বাকি আন-নদবীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া। আজ রবিবার (৭ জুন) এক প্রতিবাদ বিবৃতিতে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।
বিবৃতিতে মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া বলেন, ‘পত্রিকাটিতে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, বিভ্রান্তিকর ও মানহানিকর। কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই এমন ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে দেশের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও গবেষণাধর্মী প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হয়েছে।’
তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের দায়িত্বহীন তথ্য পরিবেশনের ফলে জনমনে ভুল ধারণা সৃষ্টি হচ্ছে এবং প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ন হচ্ছে। সংবাদমাধ্যমের দায়িত্ব সত্য ও নির্ভরযোগ্য তথ্য প্রকাশ করা, অপপ্রচার চালানো নয়।
বিবৃতিতে কালবেলা পত্রিকাকে অবিলম্বে এই মিথ্যা সংবাদ প্রত্যাহার করে ইফা ডিজির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে, এই অপপ্রচারের পেছনে কারা জড়িত, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানান জাতীয় ইমাম পরিষদের সভাপতি।
হাআমা/
