ভ্যাপসা গরমে ত্বক উজ্জ্বল ও সতেজ রাখতে করণীয়

by Masudul Kadir

৩৬নিউজ ডেক্স:: মাঝেমধ্যে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম থেকে যাচ্ছে। এই সময় অতিরিক্ত তাপ ও ঘামের কারণে ত্বকে নানা রকম পরিবর্তন দেখা যায়। একটু অসচেতন হলেই এ সময় ত্বক তার স্বাভাবিক লাবণ্য হারিয়ে ফেলে। তাই রোদে পোড়া ভাব, গাঢ় ট্যান, ফুসকুড়ি কিংবা র‍্যাশ এবং ব্রণের মতো বিরক্তিকর সমস্যাগুলো থেকে এ সময় ত্বক সুরক্ষিত রাখা জরুরি।

গ্রীষ্ম যেভাবে ত্বকের ক্ষতি করে
গরম ও আর্দ্রতা বাড়লে ত্বকের সিবাম গ্রন্থি সক্রিয় হয়ে অতিরিক্ত তেল তৈরি করে। এই তেল, ঘাম ও ধুলাবালু মিলে রোমকূপ বন্ধ করে দেয়। ফলে তৈলাক্ত ত্বকে ব্রণের সমস্যা বাড়ে। এ ছাড়া সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মির কারণে ত্বকে মেলানিন বেড়ে যায়, যা ত্বক কালচে বা ট্যানড করে তোলে।

বিজ্ঞাপন
banner

ত্বক সতেজ রাখার উপায়
সঠিক ফেসওয়াশ ব্যবহার ও রূপচর্চা গরমে ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করতে দিনে অন্তত দুবার মাইল্ড, অ্যালকোহলমুক্ত এবং পিএইচ ভারসাম্যযুক্ত ফেসওয়াশ ব্যবহার করুন। শুষ্ক ত্বকের জন্য ফেনা হয় না এমন ফেসওয়াশ ভালো। এ সময় ভারী ক্রিম-বেসড পণ্যের বদলে ওজনে হালকা এবং তেলহীন জেল-বেসড বা ওয়াটার-বেসড ময়শ্চারাইজার ও কসমেটিকস ব্যবহার করুন।

অ্যান্টিঅক্সিডেন্ট সেরাম
ভিটামিন সি বা অন্য কোনো ভালো অ্যান্টিঅক্সিডেন্ট সেরাম ত্বকে কোলাজেন বাড়াতে এবং সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বক বাঁচাতে জাদুর মতো কাজ করে।

পর্যাপ্ত আর্দ্রতা
দিনে বারবার মুখে পানির ঝাপটা দিন অথবা সঙ্গে একটি ফেশিয়াল মিস্ট রাখুন। রাতে ঘুমানোর আগে হাইড্রেটিং ফেস মাস্ক ব্যবহার করতে পারেন। সঙ্গে শরীর ভেতর থেকে আর্দ্র ও টক্সিনমুক্ত রাখতে দৈনিক ২-৩ লিটার পানি পান করুন। ডায়েটে রাখুন ডাবের পানি, টক দই বা মাঠার মতো পানীয়।

স্ক্রাবিং, এক্সফোলিয়েশন ও সানস্ক্রিন
ত্বকের মরা চামড়া এবং জমে থাকা তেল দূর করতে সপ্তাহে অন্তত দুবার মৃদু স্ক্রাব দিয়ে আলতো করে মুখ, ঠোঁট ও ঘাড় এক্সফোলিয়েট করুন। ঘরে বা বাইরে—যেখানেই থাকুন না কেন, এসপিএফ ৩০ থেকে ৫০ সমৃদ্ধ সানস্ক্রিন ব্যবহার করা বাধ্যতামূলক। এটি অকালবার্ধক্য ও বলিরেখা রোধ করে।

গোসলের পর ময়শ্চারাইজার
গরমের দিনেও ময়শ্চারাইজার জরুরি। প্রতিদিন গোসলের ঠিক পরপরই একটি নন-গ্রিজি বা তেলহীন লাইটওয়েট ময়শ্চারাইজার পুরো শরীরে লাগিয়ে নিন।

সুতি ও ঢিলেঢালা পোশাক পরুন
গরমে সিনথেটিক কাপড় এড়িয়ে চলুন। হালকা রঙের ঢিলেঢালা সুতি পোশাক পরলে বাতাস চলাচল করতে পারে। এতে ঘামাচি বা ত্বকের সংক্রমণ থেকে সহজে বাঁচা যায়।

দিনে দুবার গোসল
পরিচ্ছন্নতা বজায় রাখতে রাতে ঘুমানোর আগে ঠান্ডা পানিতে গোসল করে নিন। এতে সারা দিনের জমে থাকা ময়লা ও ঘাম দূর হবে এবং ত্বক সুস্থ থাকবে।

এই ঋতুতে ত্বকের যে ক্ষতি হয়, তা সঠিক রূপচর্চা ও সুষম খাদ্যাভ্যাসের মাধ্যমে পুনরুদ্ধার সম্ভব। এই গ্রীষ্মে সহজ নিয়মগুলো মেনে চলুন এবং প্রাকৃতিকভাবে নিজেকে রাখুন উজ্জ্বল ও প্রাণবন্ত।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222