আফগানিস্তানের খনি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা ও বিনিয়োগ বাড়াতে দেশটির খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের নীতি ও কর্মসূচি বিষয়ক উপমন্ত্রী আব্দুল রহমান কানিতের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন আফগানিস্তানে নিযুক্ত উজবেকিস্তানের উপ-রাষ্ট্রদূত বাহাদুর তাশমানভ, উজবেক প্রতিষ্ঠান ‘তিমুরসনা কোম্পানি’র প্রধান আকরাম কালান্দারভ এবং তাদের আফগান অংশীদারেরা। আফগান সংবাদমাধ্যম আরিয়ানা নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আফগানিস্তানের খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে উজবেক উপ-রাষ্ট্রদূত এবং তিমুরসনা কোম্পানির প্রধান বিভিন্ন খাতে ইসলামিক আমিরাতের অর্জিত সাফল্যকে উল্লেখযোগ্য হিসেবে অভিহিত করেছেন। একই সঙ্গে তাঁরা আফগানিস্তানের ক্রোমাট ও সিসার খনিতে বিনিয়োগের পাশাপাশি দেশটিতে একটি আন্তর্জাতিক মানের (স্ট্যান্ডার্ড) খনিজ প্রক্রিয়াকরণ প্ল্যান্ট স্থাপনের ব্যাপারে তীব্র আগ্রহ প্রকাশ করেছেন।
বিবৃতি অনুযায়ী, উপমন্ত্রী আব্দুল রহমান কানিত উজবেক বিনিয়োগকারীদের এসব খনির বিষয়ে তাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে আফগানিস্তানে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ ও সহায়তার লক্ষ্যে খনি মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা এবং সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। সূত্র: আরিয়ানা নিউজ
অনুবাদ: আব্দুস সামাদ আজিজ
হাআমা/
