রাবির ছাত্র উপদেষ্টার পদ ছাড়লেন অধ্যাপক আমিরুল ইসলাম কনক

by Masudul Kadir

মো. রেজওয়ান (রাবি প্রতিনিধি): রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন প্রফেসর ড. মুহাম্মদ আমিরুল ইসলাম কনক। বৃহস্পতিবার (১১ জুন) তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর থেকে তিনি ছাত্র উপদেষ্টা দপ্তরের দায়িত্ব পালন করে আসছিলেন। পদত্যাগপত্রে একাডেমিক ও গবেষণামূলক কাজের ব্যস্ততা এবং পেশাগত দায়িত্ব পালনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেও এর পেছনে একটি গভীর ব্যক্তিগত ও নৈতিক দায়বোধের কথা তুলে ধরেছেন।

পদত্যাগের কারণ জানতে চাইলে অধ্যাপক কনক বলেন, গতকাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর আকস্মিক মৃত্যু তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছে। তিনি সবসময় শিক্ষার্থীদের মানসিক সংকট মোকাবিলায় পাশে থাকার এবং প্রয়োজনীয় মনস্তাত্ত্বিক সহায়তা দেওয়ার চেষ্টা করেছেন। এর আগে অনেক শিক্ষার্থীকে চরম হতাশা ও মানসিক অবসাদ থেকে ফিরিয়ে আনতে পেরেছেন উল্লেখ করে তিনি বলেন, এরপরও কেন শিক্ষার্থীরা এমন আত্মহননের পথ বেছে নিচ্ছে, এই প্রশ্ন তাঁকে ভাবিয়েছে। শিক্ষার্থীরা যেকোনো সংকটে অন্তত একবার ছাত্র উপদেষ্টার সঙ্গে কথা বলতে পারত। তাঁর মনে হয়েছে, তিনি শিক্ষার্থীদের মধ্যে সেই কাঙ্ক্ষিত আস্থা ও ভরসার জায়গা তৈরি করতে পারেননি এবং এই নৈতিক দায়বদ্ধতা থেকেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞাপন
banner

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ বলেন, পদত্যাগপত্র হাতে পাওয়া গেছে এবং বিষয়টি নিয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, বুধবার (১০ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়সংলগ্ন আমজাদের মোড় এলাকার একটি ছাত্রাবাস থেকে ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়, যা পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছে। এই ঘটনার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই ছাত্র উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন অধ্যাপক কনক।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222