৩৬ নিউজ ডেস্ক: দেশের সব ধর্মীয় উপাসনালয়ের উন্নয়ন ও ধর্মীয় প্রধানদের সামাজিক মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ১ হাজার ৮১ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় এই প্রস্তাব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে বর্তমান সরকার ধর্মীয় বিভাজনের বিপরীতে সংহতি ও সাম্যে বিশ্বাস করে। সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণ, নৈতিকতার বিকাশ, ধর্মীয় প্রধানদের জীবনমান উন্নয়ন, হজ ব্যবস্থাপনা সহজীকরণ এবং ইসলামী গবেষণা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, বর্তমানে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মোট ১০ হাজার টাকা এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিত ও সেবায়েতদের মোট ৮ হাজার টাকা করে মাসিক সম্মানী দেওয়া হচ্ছে। এ পর্যন্ত দেশের ৬ হাজার ৪৩৮টি ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ৯ হাজার ৫২০ জন এই সুবিধার আওতায় এসেছেন। সরকারের পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে এই সম্মানী সুবিধা দেশের সব ধর্মীয় উপাসনালয়ে সম্প্রসারণ করা হবে।
এছাড়া হজ ব্যবস্থাপনাকে আরও সাশ্রয়ী, সহজ ও সুশৃঙ্খল করতে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে এবং ইমাম-মুয়াজ্জিনদের প্রশিক্ষণের সুযোগ ও লক্ষ্যমাত্রা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ওয়াকফ সম্পত্তির অবৈধ দখল উচ্ছেদ ও উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে ইতিমধ্যে ১১টি ওয়াকফ এস্টেটের মোট ২৮.২০ একর জমি উদ্ধার করা হয়েছে বলেও তিনি সংসদকে অবহিত করেন।
টিএইচএ/
