জাতীয় মঞ্চে প্রশংসিত রাবি সায়েন্স ক্লাবের সায়েন্স শো

by naymur bd1999

মো. রেজওয়ান, (রাবি প্রতিনিধি)

জাতীয় পর্যায়ের বিজ্ঞান উৎসবে ব্যতিক্রমধর্মী ও প্রাণবন্ত উপস্থাপনার মাধ্যমে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাব। বিজ্ঞানকে আনন্দময় ও সহজবোধ্য করে তোলার লক্ষ্য নিয়ে পরিচালিত তাদের সায়েন্স শো ‘৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬’-এর কেন্দ্রীয় আয়োজনে ব্যাপক সাড়া ফেলেছে।

বিজ্ঞাপন
banner

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে গত সোমবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কমপ্লেক্সে আয়োজিত সায়েন্স শোতে আমন্ত্রিত দল হিসেবে অংশ নেয় রাবি সায়েন্স ক্লাব।

অনুষ্ঠানে ক্লাবটির সদস্যরা ১৫টিরও বেশি মজার, ব্যতিক্রমধর্মী ও শিক্ষণীয় বিজ্ঞানভিত্তিক পরীক্ষণ প্রদর্শন করেন। প্রদর্শিত পরীক্ষণগুলোর মধ্যে ছিল ‘জিনের বোতল’, ‘লেজিবল’, ‘দৈত্যের ধোঁয়া’, ‘সিংগিং পাইপ’, ‘ব্ল্যাক স্নেক্স’, ‘টাকার আগুন’ এবং ‘ঘূর্ণায়মান বল’, যা দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি খালিদ মাহমুদ, আজীবন সদস্য ও সাবেক সহসভাপতি মো. আসাদুল ইসলাম এবং রাকসুর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ও ক্লাবের সাবেক সহসভাপতি তোফায়েল আহমদ তোফা। এ সময় তোফায়েল আহমদ তোফা বিজ্ঞান জনপ্রিয়করণে রাবি সায়েন্স ক্লাবের অবদান ও কার্যক্রম তুলে ধরেন। ক্লাবের সভাপতি খালিদ মাহমুদ সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিজ্ঞানমনস্ক সমাজ গঠনে ক্লাবের উদ্যোগ সম্পর্কে বক্তব্য দেন।

সায়েন্স শোর সার্বিক পরিচালনা ও উপস্থাপনায় নেতৃত্ব দেন ক্লাবের কোষাধ্যক্ষ সুলাইমান। তাঁর সঙ্গে শো টিমে ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হক দিনার, প্রচার সম্পাদক মো. সোহান তানভীর, যোগাযোগ সম্পাদক মো. নয়ন উদ্দিন, অর্গানাইজার আবদুর রহমান খালিদ এবং মাহির আবসার অয়ন।

অনুষ্ঠানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. মনিরুজ্জামান এবং সিনিয়র কিউরেটর সুকল্যাণ বাছার উপস্থিত ছিলেন। এ সময় ড. মনিরুজ্জামান রাবি সায়েন্স ক্লাবের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

রাবি সায়েন্স ক্লাবের প্রশংসা করে ড. মনিরুজ্জামান বলেন, “বিজ্ঞানকে যে এত প্রাণবন্ত ও আকর্ষণীয়ভাবে পরীক্ষণের মাধ্যমে উপস্থাপন করা যায়, তা রাবি সায়েন্স ক্লাব দেখিয়েছে। তাদের এই উদ্যোগ আগামী প্রজন্মের বিজ্ঞানচর্চায় ইতিবাচক প্রভাব ফেলবে।”

উল্লেখ্য, এর আগেও ‘৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫’-এ জাতীয় পর্যায়ে সায়েন্স শো প্রদর্শন করে প্রশংসা অর্জন করেছিল রাবি সায়েন্স ক্লাব। সংগঠনটি জানিয়েছে, রাজশাহী, ঢাকা, বরগুনা, নাটোর, মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিজ্ঞানমনস্ক শিক্ষার্থী গড়ে তোলা এবং পাঠ্যজ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করতে তাদের সায়েন্স শো কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222