আন্তর্জাতিক ডেস্ক:: উজবেকিস্তান ও আফগানিস্তানের ব্যবসায়ী নেতারা দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। দুই প্রতিবেশী দেশের বেসরকারি খাতের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা, ডিজিটাল বাণিজ্য এবং উন্নত লজিস্টিকস ব্যবস্থার ওপর বিশেষ জোর দিয়েছেন তারা।
উজবেকিস্তানের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই দেশের প্রায় ৫০ জন ব্যবসায়ী প্রতিনিধি এক উন্মুক্ত আলোচনায় অংশ নেন. উদ্যোক্তাদের নানাবিধ সমস্যা সমাধান এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো চিহ্নিত করাই ছিল এই আলোচনার মূল লক্ষ্য।
বৈঠকে উজবেকিস্তানের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডেপুটি চেয়ারম্যান সুখরোব আবদুরাখমানভ এবং আফগানিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্টের (এসিসিআই) চেয়ারম্যান সায়েদ করিম হাশিমী উপস্থিত ছিলেন। এ সময় প্রতিনিধিরা ব্যবসা পরিচালনায় প্রধান প্রধান প্রতিবন্ধকতা, বাণিজ্যিক অংশীদারিত্ব সম্প্রসারণের উপায় এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয়ে নিজ নিজ মতামত বিনিময় করেন।
উভয় পক্ষই উজবেকিস্তান-আফগানিস্তান বিজনেস কাউন্সিলের কার্যকারিতা বৃদ্ধি এবং বেসরকারি খাতের কোম্পানিগুলোর সমস্যা দ্রুত সমাধানের জন্য ব্যবহারিক ও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে আফগানিস্তানের নাইমাবাদ অঞ্চলে উজবেক পণ্য রাখার জন্য একটি বাণিজ্য গুদাম ও লজিস্টিকস সেন্টার প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়. সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগ সফল হলে পণ্য পরিবহন খরচ কমবে, ডেলিভারির সময় বাঁচবে এবং দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
আলোচনায় ডিজিটাল বাণিজ্যের ক্রমবর্ধমান ভূমিকার বিষয়টিও উঠে আসে. বাণিজ্য লেনদেন সহজ করতে, পণ্যের প্রচার ও বিপণনের সুযোগ বাড়াতে এবং স্বচ্ছ ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখতে উভয় পক্ষই ইলেকট্রনিক ট্রেডিং প্ল্যাটফর্মের ব্যাপক ব্যবহারের ওপর জোর দেয়।
বৈঠক শেষে দুই পক্ষই বাণিজ্য বাধা দূর করতে, বিনিয়োগের সুযোগ সম্প্রসারণে এবং উভয় দেশে ব্যবসার অনুকূল পরিবেশ তৈরিতে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হন.
বিশ্লেষকদের মতে, এই আলোচনা মূলত দুই দেশের সীমান্ত পারাপারের উন্নত লজিস্টিকস সুবিধা, ডিজিটাল বাণিজ্য সমাধান এবং ব্যবসায়ী-টু-ব্যবসায়ী (B2B) সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক সম্পৃক্ততা গভীর করার চলমান প্রচেষ্টাকেই নির্দেশ করে. পাশাপাশি, প্রস্তাবিত লজিস্টিকস হাবটি আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্যিক আদান-প্রদান বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। সূত্র: আরিয়ানা নিউজ
অনুবাদ: সাবিত ফারাবী
হাআমা/
