নিজস্ব প্রতিবেদক :: সাংবাদিকদের পিটিয়ে আহত করার পর খোদ বাংলাদেশ জামায়াতে ইসলামী দুঃখপ্রকাশ করেছে। জামায়াতে ইসলামী আয়োজিত একটি বিক্ষোভ মিছিলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। দলটি কয়েক ঘণ্টার মধ্যেই দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ঢাকা মহানগরী দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে মঙ্গলবার আয়োজিত ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ মিছিলে অনাকাঙ্ক্ষিতভাবে কয়েকজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, দলটি স্বাধীন সাংবাদিকতার প্রতি গভীর শ্রদ্ধাশীল এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর।
দেলাওয়ার হোসেন বলেন, ‘জামায়াতে ইসলামীর কোনো স্তরের জনশক্তি কখনো স্বাধীন সাংবাদিকতায় বাধা সৃষ্টি করেনি এবং ভবিষ্যতেও করবে না। ঘটনার সঙ্গে সংগঠনের কোনো কর্মী বা সমর্থকের সম্পৃক্ততা পাওয়া গেলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি জানান, ভিডিও ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি জামায়াতের কর্মসূচিতে অন্য কেউ অনুপ্রবেশ করে এ ঘটনা ঘটিয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার তদন্তে ধানমন্ডি জোন পরিচালক ও মহানগরী কর্মপরিষদ সদস্য অধ্যাপক নুর নবী মানিককে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামীকালের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে, ঘটনার পর ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের খোঁজখবর নেন। তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের ধৈর্য ধরার আহ্বান জানান।
