৩৬নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি ও জামিয়া কোরআনিয়া লালবাগের সিনিয়র শিক্ষক বিশিষ্ট ক্বারী হাফেজ মাওলানা আবু রায়হানের ওপর সংঘটিত সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
মঙ্গলবার (২৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই প্রতিবাদ জানান। ৭০ বছর বয়সী একজন সম্মানিত প্রবীণ আলেম ও কুরআনের খাদেমকে শারীরিকভাবে নির্যাতন করে তাঁর পা ভেঙে দেওয়ার ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং দেশের ধর্মীয় অঙ্গনের জন্য গভীর উদ্বেগের বিষয় বলে তারা উল্লেখ করেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, একজন প্রবীণ আলেম ও দ্বীনি ব্যক্তিত্বের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দীর্ঘদিন ধরে দেশের মসজিদ-মাদ্রাসা, আলেম-উলামা ও ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার বিষয়ে সতর্ক করে আসছে। সাম্প্রতিক এই হামলা ধর্মপ্রাণ মানুষের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষ করে একজন প্রবীণ আলেমের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক ও অমানবিক। মসজিদ-মাদ্রাসা ও আলেম সমাজের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র, হয়রানি বা অন্যায় আচরণ দেশের ধর্মপ্রাণ জনগণ কখনোই মেনে নেবে না। আইন ও সংবিধানের আওতায় থেকে আলেম সমাজ ও তৌহিদী জনতা সকল ধরনের অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।
জমিয়তের পক্ষ থেকে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানানো হয়। একই সঙ্গে চিকিৎসাধীন মাওলানা আবু রায়হানের সুচিকিৎসা নিশ্চিত করা এবং দেশের সকল আলেম-উলামা, ইমাম, খতিব ও ধর্মীয় ব্যক্তিত্বের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। বিবৃতির শেষে নেতৃবৃন্দ মহান আল্লাহ তাআলার দরবারে ক্বারী মাওলানা আবু রায়হানের দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্য কামনা করেন এবং দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়ার আবেদন জানান।
টিএইচএ/
