নিজস্ব প্রতিবেদক :: ঘরে বসেই কৃষক অ্যাপে সরকারিভাবে ধান বিক্রি সম্ভব উল্লেখ করে খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, ঘরে বসেই সরকারিভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ডিজিটাল পদ্ধতিতে ধান ক্রয়ের জন্য চালুকৃত কৃষক অ্যাপ বা অনলাইন সিস্টেমে নিবন্ধন করা যায়। সরকারি গুদামে ধান সংগ্রহ আরও সহজ করার জন্য কৃষকের অ্যাপের পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তালিকাভুক্ত কৃষকের কাছ থেকে ‘আগে আসলে আগে বিক্রি করতে পারবেন’ ভিত্তিতে ধান সংগ্রহ করা হচ্ছে।
প্রতিমন্ত্রী মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে যশোর-৪ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. গোলাম রছুলের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
সাধারণ ও নিরক্ষর প্রান্তিক কৃষক নিজ বা পরিবারের যেকোনো সদস্যের স্মার্টফোন বা কম্পিউটার থেকে যে কারো সাহায্যে বা ইউনিয়ন ডিজিটাল সেন্টার বা যেকোনো কম্পিউটারের দোকান থেকে নিবন্ধন বা ধান বিক্রির আবেদন করতে পারবেন বলে তিনি জানান।
প্রতিমন্ত্রী জানান, কৃষি বিভাগ কর্তৃক কৃষি কার্ড করা হলে কৃষককে আর কৃষক অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে না। কৃষক অ্যাপের সঙ্গে সরাসরি কৃষি কার্ড ডাটাবেজে ইন্টিগ্রেশন করা হবে। প্রতিটি সরকারি খাদ্য গুদামে সংগ্রহ কার্যক্রম চলাকালে কৃষককে সহায়তা প্রদানের জন্য কৃষক সহায়তা বুথ স্থাপন করা হয়; যা এক প্রকার ওয়ান স্টপ সার্ভিস।
