রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

by Abid vs36

রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অস্ট্রেলীয় সরকারের মানবিক সহায়তা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (২৪ জুন) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে এই চুক্তি সম্পন্ন হয়। অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এর মধ্যে ১৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৩৭ কোটি টাকা, এই দ্বিপাক্ষিক চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অস্ট্রেলিয়ান হাইকমিশন এবং ইউনিসেফ বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। চুক্তিতে অস্ট্রেলিয়া সরকারের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল এবং ইউনিসেফের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশে সংস্থাটির প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স।

বিজ্ঞাপন
banner

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে অস্ট্রেলিয়া সরকার ও ইউনিসেফের মধ্যে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এ সময় তিনি এই বড় অঙ্কের মানবিক সহযোগিতার জন্য অস্ট্রেলিয়া সরকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। মন্ত্রী আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায়ের এই ধরনের মানবিক সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই চুক্তিটি মূলত মিয়ানমার এবং বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য অস্ট্রেলিয়ার ২০২৬ থেকে ২০২৮ মেয়াদের ৩৭০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৩,১৬২ কোটি টাকা, একটি বৃহৎ মানবিক সহায়তা প্যাকেজের অংশ। এর আগে গত ২০১৭ সাল থেকে অস্ট্রেলিয়া এই আঞ্চলিক সংকট মোকাবিলায় সব মিলিয়ে মোট ১.২৬ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার, যা প্রায় ১০,৭৭০ কোটি টাকা, মানবিক সহায়তা হিসেবে প্রদান করেছে। অস্ট্রেলিয়া সরকারের দেওয়া ১৬ মিলিয়ন ডলারের এই নতুন তহবিলটি ইউনিসেফ বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা এবং ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠীর শিক্ষা, পুষ্টি, শিশু সুরক্ষা নিশ্চিতকরণ এবং নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন খাতের সার্বিক উন্নয়নে ব্যয় করবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222