মো. রেজওয়ান (রাবি প্রতিনিধি): নবাগত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের (আরইউএসসি) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “১২তম আরইউএসসি ফ্রেশার্স রিসেপশন ২০২৬”।
গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অতিথি অংশগ্রহণ করেন। ক্লাবের সাধারণ সম্পাদক ইফতিয়ান আহমেদ ও সাংগঠনিক সম্পাদক সাদিয়া জামিল দিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি খালিদ মাহমুদ। নবাগতদের বরণ উপলক্ষে দিনব্যাপী এ আয়োজনে ছিল সায়েন্স অলিম্পিয়াড (বিজ্ঞান বিভাগ), আইকিউ টেস্ট (অ-বিজ্ঞান বিভাগ), সায়েন্স শো, ক্যারিয়ার টক এবং নৃত্য-সঙ্গীতসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা। অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উৎসাহে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএসসিসির পরিচালক ড. মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সভাপতি মো. মোস্তাকুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও রাবি সায়েন্স ক্লাবের সাবেক সহ-সভাপতি তোফায়েল আহমদ তোফা। বিশেষ অতিথির বক্তব্যে ড. মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের পাঠ্যক্রমের পাশাপাশি বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে।
তিনি আরও বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাকসুর ভিপি মো. মোস্তাকুর রহমান জাহিদ বলেন, সায়েন্স ক্লাবের মতো সংগঠনগুলো শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান বিনিময়, দলগত কাজ ও উদ্ভাবনী চিন্তার বিকাশে কার্যকর ভূমিকা পালন করছে। তিনি বিশ্ববিদ্যালয় জীবনে সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সভাপতি মো. আব্দুল লতিফ, আজীবন সদস্য ও সাবেক সহ-সভাপতি কারিমা খাতুন এবং সাবেক কোষাধ্যক্ষ মো. ইসমাইল হোসেন আশিক। দিনব্যাপী এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল “ক্যারিয়ার টক” পর্ব। এতে প্রধান বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক এবং এটুআই-এর মাস্টার ট্রেইনার মো. আতিকুর রহমান। তিনি শিক্ষার্থীদের সমসাময়িক দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের বাস্তব প্রস্তুতি বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরেন। সমাপনী পর্বে সায়েন্স অলিম্পিয়াড ও আইকিউ টেস্টে অংশ নেওয়া কৃতি ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে মেধা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
দিনব্যাপী জমকালো এই আয়োজন শেষে নবাগত শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সমাপনী বক্তব্যে ক্লাবের সভাপতি খালিদ মাহমুদ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে বিজ্ঞানচর্চা, মৌলিক গবেষণা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত দক্ষতা বিকাশে কাজ করে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, নবাগতরা ক্লাবের নানামুখী সামাজিক ও বিজ্ঞানভিত্তিক কার্যক্রমে যুক্ত হয়ে নিজেদের সুপ্ত সম্ভাবনাকে আরও বেশি বিকশিত করতে সক্ষম হবে।
টিএইচএ/
