তাপপ্রবাহে স্পেনে মৃত্যু ছাড়াল ১ হাজার

by Abid vs36

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে স্পেনে গত এক মাসে ১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বুধবার দেশটির সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে জানানো হয়েছে, জুন মাসে অতিরিক্ত তাপমাত্রাজনিত কারণে সারা দেশে ১ হাজার ২৮ জন মানুষের মৃত্যু হয়েছে। দেশটির পরিসংখ্যান অনুযায়ী, এর আগে কেবল ২০১৭ সালের জুনে এমন ভয়াবহ মৃত্যুর ঘটনা ঘটেছিল। স্পেন ২০১৫ সাল থেকে তাপমাত্রাজনিত কারণে মৃত্যুর তথ্য সংরক্ষণ করা শুরু করার পর থেকে এটি অন্যতম সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

বিজ্ঞাপন
banner

সরকারি প্রতিবেদন অনুযায়ী, তীব্র গরমে মারা যাওয়া ব্যক্তিদের প্রায় সবাই বয়োবৃদ্ধ। নিহতদের মধ্যে ১ হাজার ২২ জনের বয়স ৬৫ বছর বা তার বেশি। এর মধ্যে ৮৫ বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা ছিল ৭২০ জন। অন্যদিকে ১৫ বছরের কম বয়সী মাত্র একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে এই তাপপ্রবাহে। আবহাওয়াবিদ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এবারের গ্রীষ্মে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে স্পেনের ভূমধ্যসাগরীয় ও উত্তরাঞ্চলের এলাকাগুলোতে। ওই অঞ্চলের বাসিন্দারা সাধারণত দীর্ঘস্থায়ী বা তীব্র তাপপ্রবাহের সঙ্গে অভ্যস্ত নন, যার ফলে আকস্মিক এই চরম আবহাওয়ায় প্রাণহানির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এলাকাভেদে সবচেয়ে বেশি মৃত্যু রেকর্ড করা হয়েছে কাতালোনিয়া অঞ্চলে, যেখানে ২১৮ জন মানুষ মারা গেছেন।

সরকারি কর্মকর্তারা আরও জানিয়েছেন, গত ২১ জুনের দিকে স্পেনে তীব্র দাবদাহ শুরু হওয়ার পর থেকেই দৈনিক মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়তে থাকে এবং পরবর্তী দিনগুলোতেও এই ধারা অব্যাহত ছিল। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপের অন্যান্য দেশের মতো স্পেনেও গরমের তীব্রতা প্রতিবছর আশঙ্কাজনক হারে বাড়ছে বলে মনে করছেন পরিবেশবিজ্ঞানীরা।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222