দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট সমাজসেবক, ইসলামি নেতা ও ঐতিহ্যবাহী রাজপরিবারের সদস্য আমির কুলুঞ্জিলে রহিম এনকুমানে আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশ সফরে আসছেন। মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য পীরজাদা হানজালা-এর আমন্ত্রণে তার এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রোববার (৫ জুলাই) ইরানের রাজধানী তেহরানে পীরজাদা হানজালা ও আমির কুলুঞ্জিলের মধ্যে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা করেন।
এ বিষয়ে পীরজাদা হানজালা জানান, ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত এই বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ ছিল। সেখানে দক্ষিণ আফ্রিকার মুসলিম সম্প্রদায়ের উন্নয়ন এবং দ্বিপক্ষীয় নানা বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।
তিনি এক বার্তায় আরও বলেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ইনশাআল্লাহ আগামী ডিসেম্বর মাসে আমার আমন্ত্রণে তিনি বাংলাদেশ সফরে আসবেন।’ এই সফর বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার জনগণের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, আমির কুলুঞ্জিলে রহিম এনকুমানে দক্ষিণ আফ্রিকান মুসলিম কাউন্সিল (SAMC)-এর জাতীয় চেয়ারম্যান ও সমন্বয়ক হিসেবে মুসলিম সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতৃত্ব প্রদান করছেন। শিক্ষা, স্বাস্থ্য, যুব উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। পাশাপাশি জুলু জাতির কোয়া-এনকুমানে রাজপরিবারের একজন রাজপুত্র হিসেবে তিনি ঐতিহ্য ও আধুনিক নেতৃত্বের মধ্যে এক সুন্দর সমন্বয় গড়ে তুলেছেন।
