সৌদি আরব সফরের আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী

by Abid vs36

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদ। আজ সোমবার (৬ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ সৌদি যুবরাজের পাঠানো বিশেষ আমন্ত্রণপত্রটি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

সৌদি যুবরাজের এই আন্তরিক আমন্ত্রণের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমানও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদকে বাংলাদেশ সফরের ফিরতি আমন্ত্রণ জানান। পরবর্তীতে বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির দুই দেশের শীর্ষ নেতৃত্বের এই পারস্পরিক আমন্ত্রণের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরের চূড়ান্ত সময়সূচি খুব শীঘ্রই দুই দেশের সরকারের মধ্যকার কূটনৈতিক আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।

বিজ্ঞাপন
banner

সংবাদ সম্মেলনে জানানো হয়, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই দ্বিপাক্ষিক বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু এবং দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে ফলপ্রসূ আলোচনা করেছে। সৌদি আরবকে বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত ও অন্যতম প্রধান বন্ধু রাষ্ট্র হিসেবে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, সৌদি সরকার বাংলাদেশের জ্বালানি, কর্মসংস্থানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গভীর আগ্রহ প্রকাশ করেছে। উচ্চপর্যায়ের এই দ্বিপাক্ষিক বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222