মো. রেজওয়ান (রাবি প্রতিনিধি): পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডর কর্মসূচির আওতায় পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশনের (হায়ার এডুকেশন কমিশন) তিন সদস্যের একটি প্রতিনিধিদল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সফর করেছে। সফরকালে প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় মতবিনিময় করে। বৈঠকে পাকিস্তানে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার নানা সুযোগ-সুবিধা এবং দুই দেশের শিক্ষা খাতের উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।
মঙ্গলবার (৭ জুলাই) পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের মহাপরিচালক (আইন) ও এডুকেশনাল টেস্টিং কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারিক ইকবাল–এর নেতৃত্বে প্রতিনিধিদলটি রাবি উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম–এর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করে। এ সময় প্রতিনিধিদলটি পাকিস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সার্বিক সুযোগ ও চলমান বিভিন্ন শিক্ষাবিষয়ক কর্মসূচি সম্পর্কে উপাচার্যকে অবহিত করে। উপাচার্য ফরিদুল ইসলাম এ উদ্যোগকে উষ্ণ অভিবাদন জানান এবং দুই দেশের উচ্চশিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা আগামীতে আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।
উপাচার্যের সঙ্গে আয়োজিত এই সৌজন্য সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদুর রহিম এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক অধ্যাপক মো. নূরুল মোমেনসহ বিভিন্ন বিভাগের জ্যেষ্ঠ শিক্ষকরা।
অন্যদিকে, সফরের অংশ হিসেবে একই দিনে পাকিস্তান সরকারের মর্যাদাপূর্ণ ‘আল্লামা ইকবাল স্কলারশিপ’ কর্মসূচির আওতায় রাজশাহী অঞ্চলের আগ্রহী শিক্ষার্থীদের প্রাক-নির্বাচনী পরীক্ষা সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সকাল ১১টা থেকে শুরু হওয়া এই লিখিত ও মৌখিক মূল্যায়নে রাজশাহী অঞ্চলের প্রায় ৪০০ নিবন্ধিত শিক্ষার্থী অংশ নেন।
টিএইচএ/
