সংসদ ভবনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন দেশের বিরুদ্ধে চক্রান্ত: ইসলামী আন্দোলন

by Abid vs36

৩৬নিউজ ডেস্ক: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনকে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একটি স্বাধীন ও সার্বভৌম দেশে ভিনদেশের জাতীয় দিবস পালন জনগণের জন্য আশঙ্কাজনক বার্তা বহন করে উল্লেখ করে দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, ক্ষমতা দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে সরকার ও বিরোধী দল যৌথভাবে মার্কিন তোষামোদি ও তাঁবেদারিতে লিপ্ত হয়েছে।

বুধবার (৮ জুলাই) রাতে রাজধানীর হাজারীবাগে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজারীবাগ থানা ও ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত এক রাজনৈতিক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাজারীবাগ থানা সভাপতি হাজী আব্দুল হাই পাটওয়ারীর সভাপতিত্বে এবং সেক্রেটারী মোহাম্মদ আবু হানিফের সঞ্চালনায় সভায় থানা ও ওয়ার্ড পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আগামী শুক্রবারের বায়তুল মোকাররমের সমাবেশ ও গণমিছিল সফল করার লক্ষ্যে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
banner

মাওলানা কাইয়ূম অভিযোগ করে বলেন, ২৪-এর গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটেও দেশের প্রধান দলগুলো যুক্তরাষ্ট্রের প্রতি নির্লজ্জ তাঁবেদারি চালিয়ে যাচ্ছে। এর প্রত্যক্ষ প্রমাণ হিসেবে তিনি গত ৪ জুলাই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপি, জামায়াত ও এনসিপির জ্যেষ্ঠ নেতাদের অংশগ্রহণে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনের বিষয়টি উল্লেখ করেন। এছাড়া ড. ইউনূসের নেতৃত্বাধীন বিগত অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের মাত্র তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি অসম বাণিজ্য চুক্তি করেছিল, যা বর্তমানে দেশের অর্থনীতি, স্বাধীনতা ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে দাবি করেন তিনি।

সভায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তর, বিদেশি কোম্পানির কাছে ইন্টারনেট ব্যবস্থাপনা দেওয়া এবং মিয়ানমারের আরাকানে মানবিক করিডোর ইস্যুতে আমেরিকার তৎপরতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। মাওলানা কাইয়ূম স্পষ্ট জানান, বাংলাদেশ কোনো পরাশক্তির দাসত্ব করার জন্য স্বাধীন হয়নি এবং আধিপত্যবাদী চক্রান্ত রুখে দেওয়া হবে। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে আগামী ১০ জুলাই, শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে বিশাল সমাবেশ ও গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে দলটি, যেখানে নেতৃত্ব দেবেন দলের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222