চট্টগ্রাম-কক্সবাজার রুটে অনির্দিষ্টকালের জন্য ট্রেন চলাচল বন্ধ

by hsnalmahmud@gmail.com

টানা ভারি বর্ষণে রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। পানি নেমে রেললাইন নিরাপদ ঘোষণা না হওয়া পর্যন্ত এ রুটে কোনো ট্রেন চলাচল করবে না।

বুধবার (৮ জুলাই) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এ তথ্য জানান।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, গত কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে জানআলীহাট ও ষোলশহর স্টেশনের মধ্যবর্তী শমসেরপাড়া এলাকায় প্রায় ৫শ মিটার রেললাইন দেড় থেকে দুই ফুট পানির নিচে তলিয়ে গেছে। মঙ্গলবার (৭ জুলাই) থেকে ওই অংশে ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে।

রেজাউল করিম সিদ্দিকী জানান, বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকবে। পানি নেমে যাওয়ার পর প্রকৌশলীরা রেলপথ পরিদর্শন করবেন। রেললাইন নিরাপদ বলে নিশ্চিত হলে যত দ্রুত সম্ভব ট্রেন চলাচল পুনরায় চালু করা হবে।

এ পরিস্থিতিতে মঙ্গলবার ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস চট্টগ্রাম থেকে আর কক্সবাজারের দিকে যেতে পারেনি। ট্রেনটি রাত ৮টা ৪০ মিনিটের দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ফিরিয়ে নেওয়া হয়েছে। ট্রেনটি বুধবার বিকেল ৪টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

পরিস্থিতি পরিদর্শনে বুধবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকায় যান রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি রেল চলাচলের সার্বিক পরিস্থিতি, যাত্রীসেবা ও নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন এবং যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ সুবক্তগীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রেলওয়ের জনসংযোগ কর্মকর্তা আরও জানান, গন্তব্যে পৌঁছাতে না পেরে পথে আটকে পড়া যাত্রীদের ট্রেনে করে ঢাকায় ফেরার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া যেসব যাত্রী ভ্রমণ বাতিল করতে চান, তারা সংশ্লিষ্ট স্টেশনের কাউন্টার থেকে টিকিটের মূল্য ফেরত নিতে পারবেন। স্থগিত হওয়া অন্যান্য ট্রেনের যাত্রীরাও একইভাবে টিকিটের অর্থ ফেরত পাবেন।

আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট এ পরিস্থিতিতে যাত্রীদের সাময়িক দুর্ভোগের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222