৩৬নিউজ ডেস্ক: জাতীয় সংসদ অধিবেশন দেখতে আসা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৮ জুলাই) বিকেলে জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরু হওয়ার ঠিক আগে তিনি শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হয়ে এই সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের লেখাপড়া ও শিক্ষাজীবনের খোঁজখবর নেন। এ সময় তিনি তরুণ প্রজন্মকে ভবিষ্যতের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল চালিকাশক্তি হিসেবে অভিহিত করেন। দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে নিজেদের দক্ষ, যোগ্য, দেশপ্রেমিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। কেবল পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ না থেকে শারীরিক শিক্ষা, খেলাধুলা, শিল্প ও সংস্কৃতি চর্চার প্রতিও বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য তিনি কোমলমতি শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
টিএইচএ/
