ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে বৃহত্তর চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চল আকষ্মিকভাবে প্লাবিত হওয়ায় বন্যা কবলিত স্থানে জরুরি অবস্থা ঘোষণা করে তাৎক্ষণিক উদ্ধার,ত্রাণ তৎপরতা ও পুনর্বাসন কার্যক্রম জোরদারে সরকারের প্রতি দাবি জানিয়েছে খেলাফত মজলিস।
আজ শুক্রবার প্রদত্ত বিবৃতিতে খেলাফত মজলিস আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও হবিগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় পাহাড় ধ্বস, প্রাণহানি, বাড়ীঘর তলিয়ে যাওয়া সহ ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। কিছু জেলা নতুন করে প্লাবিত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।
বন্যা পরিস্থিতি সময়ের সাথে সাথে আরও ভয়াবহ হয়ে উঠছে। অসংখ্য মানুষ আজ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় বহু এলাকায় মানবিক সংকট দিন দিন আরও ঘণিভূত হচ্ছে। এ দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে তাৎক্ষণিক উদ্ধার,ত্রাণ তৎপরতা ও পুনর্বাসন কার্যক্রম জোরদারে দুর্গত এলাকায় জরুরি অবস্থা ঘোষণার জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছি।
পাশাপাশি সাহায্য নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য দল-মত নির্বিশেষে সকলেরই এগিয়ে আসা উচিত। বিশেষ করে খেলাফত মজলিস ও সহযোগী সংগঠনের জনশক্তিদেরকে প্রযোজনীয় সামগ্রী নিয়ে বন্যার্তদের পাশে থাকার আহবান জানাচ্ছি।
