মেস জীবনের ভোগান্তি থেকে স্টার্টআপ: রাবি শিক্ষার্থীর তৈরি ‘মুঠোমেস’ অ্যাপ

by Abid vs36

মো. রেজওয়ান (রাবি প্রতিনিধি): মেসের মিলের হিসাবের গরমিল, বোর্ডারদের অসন্তোষ এবং মাস শেষে নিখুঁত হিসাব মেলানোর মানসিক চাপ থেকে শিক্ষার্থীদের মুক্তি দিতে প্রযুক্তিভিত্তিক সমাধান নিয়ে এসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী। দীর্ঘ কয়েক বছরের প্রচেষ্টা, ব্যর্থতা এবং নিরলস পরিশ্রমের পর ‘মুঠোমেস’ নামের মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছেন বিশ্ববিদ্যালয়ের ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মতিউর রহমান মিজান।

শুক্রবার (১০ জুলাই) আনুষ্ঠানিকভাবে অ্যাপটি গুগল প্লে স্টোরে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়।

বিজ্ঞাপন
banner

অ্যাপটির মূল উদ্যোক্তা মতিউর রহমান জানান, ২০২২ সালে রংপুর সরকারি সিটি কলেজে পড়ার সময় মেসে মিল ম্যানেজারের দায়িত্ব পালনের অভিজ্ঞতা থেকে এই চিন্তা মাথায় আসে। মেসের নিয়ম অনুযায়ী দায়িত্ব না নিলে মোটা অঙ্কের জরিমানা দিতে হতো। দায়িত্ব নেওয়ার পর তিনি উপলব্ধি করেন, মেস পরিচালনা করা কেবল হিসাব রাখার বিষয় নয়, এটি প্রতিদিনের নানা ঝামেলা ও মানসিক চাপের একটি কাজ। এক মাস শেষে হিসাব মিলাতে গিয়ে নিজের পকেট থেকে অর্থ দিতে হওয়ার অভিজ্ঞতা তাকে একটি স্থায়ী প্রযুক্তিনির্ভর সমাধানের কথা ভাবতে উদ্বুদ্ধ করে।

তিনি আরও জানান, একজন মিল ম্যানেজারকে প্রতিদিন বোর্ডারদের মিল চালু-বন্ধ রাখা, টাকা জমার তথ্য, বর্তমান ব্যালেন্স পর্যবেক্ষণ, অতিথিদের মিলের ব্যবস্থা এবং মাস শেষে প্রত্যেকের আলাদা হিসাব তৈরি করতে হয়। অন্যদিকে সামান্য কাজের জন্যও বোর্ডারদের নির্ভর করতে হয় ম্যানেজারের ওপর। এই সার্বিক জটিলতার কারণেই মেসে কেউ স্বেচ্ছায় দায়িত্ব নিতে চান না।

বাজারে থাকা প্রচলিত অ্যাপগুলোতে প্রয়োজনীয় সুবিধার অভাব দেখে মতিউর নিজেই একটি ওয়েবের উদ্যোগ নেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর এক সিনিয়র শিক্ষার্থীর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে অ্যাপ ডেভেলপমেন্টের কাজ পুরোদমে শুরু করেন এবং চূড়ান্ত সাফল্য অর্জন করেন। ‘মুঠোমেস’ মূলত এমন একটি প্ল্যাটফর্ম যেখানে মেস পরিচালনার প্রায় সব কাজ একই জায়গা থেকে সহজে সম্পন্ন করা সম্ভব।

এই উদ্যোগের পেছনের কাঠিন্য তুলে ধরে তরুণ এই উদ্যোক্তা জানান, অ্যাপ তৈরি ও প্রকাশনা প্রক্রিয়ায় বিপুল সময় এবং অর্থের প্রয়োজন হয়েছে। দিন-রাত এক করে কোডিং ও টেস্ট রান চালাতে হয়েছে তাকে। পরীক্ষার চাপ, অসুস্থতা কিংবা কারিগরি জটিলতা কোনোকিছুই তার এই কাজে বাধা হতে পারেনি। পরিবার, বন্ধু ও শিক্ষকদের উৎসাহ এবং পরীক্ষামূলক ব্যবহারের মতামত অ্যাপটির উন্নয়নে বড় ভূমিকা রেখেছে।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে মতিউর রহমান বলেন, ‘মুঠোমেস’কে কেন্দ্র করে দেশের শিক্ষার্থীদের জন্য একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্য রয়েছে তার। প্রয়োজনীয় সরকারি বা বেসরকারি পৃষ্ঠপোষকতা এবং বড় পরিসরের বিনিয়োগ পেলে এই অ্যাপটিকে দেশব্যাপী শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর ও টেকসই প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222