নিজস্ব প্রতিবেদক:: দেশের বিভিন্ন স্থানে আরবি হরফ লেখা পতাকা প্রদর্শনের ঘটনায় কোনো সুসংগঠিত উগ্রবাদী তৎপরতার প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তবে মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী দেশে উগ্রবাদ ছড়ানোর চেষ্টা করে থাকতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কিছু সংগঠনকে চরমপন্থি বলা যেতে পারে। তবে দেশে কোনো সংগঠিত জঙ্গিবাদী তৎপরতা বা বড় ধরনের উগ্রবাদী সংগঠনের অস্তিত্ব আছে বলে আমরা মনে করি না।” তিনি আরও যোগ করেন, প্রধানমন্ত্রীও বিষয়টি স্পষ্ট করেছেন যে বাংলাদেশে উগ্রবাদী বা মৌলবাদী কোনো শক্তির উত্থান ঘটতে দেওয়া হবে না।
দীর্ঘ এই প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থীদের চলমান আন্দোলন, বিদেশে গ্রেফতার হওয়া আসামিদের প্রত্যর্পণ, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা, মাদকবিরোধী অভিযান, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের তালিকা তৈরি, পুলিশের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ এবং রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া ফাইল করাসহ সমসাময়িক নানা গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের অবস্থান ও বক্তব্য তুলে ধরেন।
