মো. রেজওয়ান (রাবি প্রতিনিধি): জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অন্যান্য যে কোনো রাজনৈতিক ও ছাত্রসংগঠনের তুলনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। তিনি জানান, ফ্যাসিবাদবিরোধী এই রক্তক্ষয়ী আন্দোলনে ছাত্রদলের ১৪২ জন নেতা-কর্মী প্রাণ বিসর্জন দিয়েছেন।
রোববার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শাখা ছাত্রদল আয়োজিত ‘রক্তাক্ত জুলাই স্মরণ ও প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে নাছির এসব কথা বলেন।
নাছির উদ্দিন নাছির বলেন, জুলাই আন্দোলনে রাজপথে জীবন দেওয়া শহীদ ওয়াসিম ও শহীদ রাব্বিসহ ১৪২ জন ছাত্রদল নেতা-কর্মীর মূল প্রত্যাশা ছিল একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা। শহীদদের এই অসামান্য আত্মত্যাগের ওপর ভিত্তি করেই দেশ আজ স্বৈরাচারমুক্ত নতুন রাজনৈতিক পরিবেশের রূপ পেয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিগত ১৭ বছর ধরে তারা রাজপথে আন্দোলন চালিয়ে এসেছেন। গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের মধ্য দিয়েই সেই দীর্ঘ লড়াই চূড়ান্ত সফলতা লাভ করে। জুলাই-আগস্টের পুরোটা সময় রাজপথে প্রকাশ্যে থেকে ছাত্রদল সংগ্রাম চালিয়েছে এবং এ কারণে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণও ছিল সবচেয়ে বেশি।
সংগঠনটির পক্ষ থেকে আন্দোলন চলাকালে আহত ব্যক্তিদের পরিবারের খোঁজখবর নেওয়া হয়েছে এবং নিহত শহীদদের কবর জিয়ারত করা হয়েছে বলে জানান সাধারণ সম্পাদক। তিনি দৃঢ় আশাবাদ প্রকাশ করে বলেন, শহীদদের আত্মত্যাগকে মর্যাদা দিয়ে খুব শিগগিরই দেশে গণতান্ত্রিক ও সাম্যভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ।
রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলামের দক্ষ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী আদর্শের শিক্ষকবৃন্দ, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ রাজশাহী মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
টিএইচএ/
