ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান আন্দোলনকে বাংলাদেশের ২০২৪ সালের ছাত্র গণঅভ্যুত্থানের সঙ্গে তুলনা করে মন্তব্য করায় নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের জবাব দিয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিত দীপক। দুই দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও ছাত্র আন্দোলনের রূপ সম্পূর্ণ ভিন্ন উল্লেখ করে তিনি স্পষ্ট জানিয়ে দেন, দিল্লির আন্দোলনকে বদনাম করতেই এই ধরনের তুলনা টানা হচ্ছে।
সোমবার (৩ আগস্ট) ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে সিজেপি প্রধান অভিজিত দীপক এসব কথা বলেন।
অভিজিত বলেন, “দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে চলা আমাদের তরুণদের আন্দোলনকে বাংলাদেশ কিংবা নেপালের সাম্প্রতিক সহিংস আন্দোলনের সঙ্গে তুলনা করা অত্যন্ত অনভিপ্রেত। সিজেপি একটি সম্পূর্ণ ভিন্ন ও অহিংস ধারার আন্দোলন। কেবল আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্যকে বিতর্কিত ও কলঙ্কিত করতেই একটি বিশেষ মহল এই ধরনের বিভ্রান্তিকর তুলনা তৈরি করছে।”
এর আগে রোববার এক বক্তব্যে তসলিমা নাসরিন বলেন, সিজেপির আন্দোলন নিয়ে বিস্তারিত না জানলেও অনলাইনে একটি ভিডিও দেখে তাঁর ২০২৪ সালে বাংলাদেশের ছাত্র আন্দোলনের স্মৃতি মনে পড়েছিল। তসলিমা দাবি করেন, “বাংলাদেশের ছাত্র আন্দোলন আমাদের ধোঁকা দিয়েছে। শুরুতে ভাবা হয়েছিল ছাত্ররা কেবল কোটা সংস্কার চায় এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা মেনেও নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে সরকারের পতন ঘটে এবং আন্দোলনের পেছনে উগ্রবাদী ও জিহাদি গোষ্ঠীর উপস্থিতি স্পষ্ট হয়, যা দেশের জন্য শুভ ফল আনেনি।”
তসলিমার সেই বক্তব্যের কড়া সমালোচনা করে অভিজিত দীপক সিজেপির ভবিষ্যৎ লক্ষ্য ও সাংগঠনিক সম্প্রসারণ নিয়ে কথা বলেন। তিনি জানান, ভারতে প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলনের সাফল্য সিজেপির দায়িত্ব বহুগুণ বাড়িয়ে দিয়েছে। শিগগিরই সারা দেশে সংগঠনটির পূর্ণাঙ্গ রূপ দেওয়া হবে।
উল্লেখ্য, গত জুন মাসে মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা খাতের দুর্নীতির প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে প্রতীকী আন্দোলন শুরু করে সিজেপি। পরে সারা দেশের সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমে এলে এ আন্দোলন ব্যাপক জনসমর্থন পায়। আন্দোলনের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগে বাধ্য হন, যা দলটির জন্য বড় সফলতা হিসেবে দেখা হচ্ছে।
টিএইচএ/
