বিশেষ প্রতিবেদক:: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ১১ দলের অন্যতম নেতা মাওলানা মামুনুল হক বলেছেন, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর জীবন, তার বিরুদ্ধে পরিচালিত বিচারিক প্রক্রিয়া এবং পরবর্তী ঘটনাবহুল ইতিহাস দেশে পরিচালিত ‘ফ্যাসিবাদী জুলুমের’ এক নির্মম দৃষ্টান্ত হয়ে থাকবে।
শুক্রবার (১৪ আগস্ট) মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন।
মামুনুল হক লেখেন, ২০১৩ সালে সাঈদীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণাকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে দেশের বিভিন্ন স্থানে বহু মানুষ নিহত হন এবং অসংখ্য পরিবার স্বজন হারায়। রক্তাক্ত সেই অধ্যায় আজও মানুষের স্মৃতিতে অম্লান হয়ে আছে।
২০২৩ সালের ১৪ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দী সাঈদীর মৃত্যুর কথা স্মরণ করে তিনি অভিযোগ করেন, মৃত্যুর পরও তাঁর প্রতি জুলুমের অধ্যায় শেষ হয়নি। ঢাকায় সাঈদীর জানাজা আয়োজনের সুযোগ দেওয়া হয়নি এবং তাঁর অসিয়ত করা স্থানে দাফনের আকাঙ্ক্ষাও বাস্তবায়িত হতে দেওয়া হয়নি। শেষ পর্যন্ত পিরোজপুরের সাঈদখালীতে তাঁকে দাফন করা হয়।
একজন আলেম ও জনপ্রিয় দায়ী হিসেবে সাঈদীর অবদানের কথা উল্লেখ করে খেলাফত মজলিসের এই নেতা বলেন, তাঁর কণ্ঠের কুরআন তাফসির শুনে দেশের অসংখ্য মানুষ দ্বীনের পথে অনুপ্রাণিত হয়েছেন। মানুষের হৃদয়ে তাঁর দাওয়াত ও অবদান চিরকাল বেঁচে থাকবে।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, জুলুম কখনো স্থায়ী হয় না এবং ক্ষমতার দম্ভ বা রাজনৈতিক প্রতি হিংসা দিয়ে সত্যকে আড়াল করা যায় না। ইতিহাস একদিন সব জুলুমের হিসাব নেবে বলে মন্তব্য করেন তিনি।
বার্তার শেষ অংশে সাঈদীর রায়কে কেন্দ্র করে নিহত সবার প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের জন্য দোয়া প্রার্থনা করেন মামুনুল হক।
