সার সংকট নিয়ে আন্দোলন করে বিএনপিকে জনগণের কাছে বিভ্রান্ত ও হেয় করার চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ অভিযোগ করেন।
সার সংকট নিয়ে আন্দোলনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকায় বিএনপির প্রতিনিধিরা নির্বাচিত হয়েছেন, সেসব এলাকায় সার নিয়ে কোনো আন্দোলন হয়নি। তবে একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতিনিধিরা যেসব এলাকায় নির্বাচিত হয়েছেন, সেখানেই পরিকল্পিতভাবে আন্দোলন গড়ে তোলা হয়েছে।
মীর শাহে আলমের দাবি, রাজনৈতিকভাবে বিএনপিকে হেয় ও জনগণকে বিভ্রান্ত করতেই সার সংকটকে ইস্যু বানিয়ে এ ধরনের আন্দোলনের চক্রান্ত করা হয়েছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং প্রতিটি বিষয়ে নিবিড় নজর রাখছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী বছরের জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। আগামী ৩০ জুনের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে প্রতিমন্ত্রী কুড়িগ্রাম জেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ক সভায় অংশ নেন।
