সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও মোহনা টেলিভিশনের চেয়ারম্যান কামাল আহমেদ মজুমদার অভিযোগ করেছেন, তাকে জেলখানায় পবিত্র কোরআন শরিফও দেওয়া হয়নি। তিনি আদালতে তার শারীরিক অবস্থার অবনতির কথা তুলে ধরে বলেন, কারাগারে তাকে ডায়াবেটিসের জন্য প্রয়োজনীয় চিকিৎসা এবং ডিজিটাল কোরআন শরিফ সরবরাহ করা হচ্ছে না।
সোমবার (৩ মার্চ) কাফরুল থানার বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক একটি হত্যা মামলায় গ্রেফতার হওয়া কামাল আহমেদ মজুমদার আদালতে বলেন, “আমার বয়স ৭৬ বছর, চোখের দৃষ্টি ৭০ শতাংশ নষ্ট হয়ে গেছে। পরিবার সম্পর্কে কোনো খোঁজ-খবর নিতে পারছি না। আমার শারীরিক অবস্থার কারণে আমি রাজনীতি থেকে অবসর নিয়েছি এবং আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ করেছি।”
তিনি আরও জানান, “কারাগারে আমাকে ডায়াবেটিসের চিকিৎসার জন্য ডিজিটাল যন্ত্র বা ওষুধ দেওয়া হচ্ছে না এবং ডিজিটাল পবিত্র কোরআন শরিফও দেওয়া হয়নি। একের পর এক মামলা, একের পর এক নির্যাতন সহ্য করতে হচ্ছে। এই বয়সে আমার ওপর জুলুম চালানো হচ্ছে।”
আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে কামাল আহমেদ মজুমদার বলেন, “এখন আমার জন্য একমাত্র উপায় আল্লাহকে ডাক দেওয়া। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমার জন্য ডায়াবেটিসের ওষুধ, মাপার ডিজিটাল যন্ত্র এবং কোরআন শরিফ দেওয়ার ব্যবস্থা করা হোক।”
এনএ/
