মুহা. শাহাদাৎউল নিহান, মিরপুর-১১
ফিলিস্তিনের নিরীহ মুসলিমদের উপর অবৈধ ইসরায়েলের হামলা এবং ভারতের মুসলমানদের উপর আক্রমণের প্রতিবাদে মিরপুরে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা ইসলামী আন্দোলন বাংলাদেশ পল্লবী ও রুপনগর থানার উদ্যোগে মিছিলটি মিরপুর ১১ নম্বর বাস স্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে মিল্কভিটা মোড় পর্যন্ত শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান, ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তর এর সহ-সভাপতি হাফেজ মাওলানা মুস্তাইজুর রহমান এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকাবাল হোসেন। এছাড়াও পল্লবী ও রুপনগর থানার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা সমাবেশে বলেন, “দখলদার ইসরায়েলের বর্বর হামলা এবং ভারতের মুসলমানদের ওপর আক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ফিলিস্তিনের স্বাধীনতা এবং মুসলিম উম্মাহর নিরাপত্তা আমাদের প্রধান দাবি। আন্তর্জাতিক মহলের কাছে আহ্বান জানাই, ফিলিস্তিনের জনগণের প্রতি দখলদার ইসরায়েলের আক্রমণ বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নিন।”
এছাড়া বক্তারা ভারতীয় মুসলমানদের ওপর আক্রমণ বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন এবং বাংলাদেশের মুসলিম জনতাকে দখলদার ইসরায়েল ও ভারতের পণ্য বয়কট করার আহ্বান জানান।
এনএ/
