বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। তাদের পাঠানো রেমিট্যান্স জাতীয় অর্থনীতির অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত। সেই রেমিটেন্সযোদ্ধাদের জন্য বিশেষ সুবিধার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সোমবার (১৬ জুন) এক বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় এয়ারলাইন্সটি জানিয়েছে, প্রবাসীদের যাত্রা সহজ ও সাশ্রয়ী করতে চালু করা হয়েছে বিশেষ রেয়াতি ভাড়া।
এতদিন সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য ‘ওয়ার্কার ফেয়ার’ চালু ছিল। এবার সেই তালিকায় নতুনভাবে যুক্ত হয়েছে সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত ও কাতার রুট। এইসব রুটেও এখন থেকে রেমিট্যান্সযোদ্ধারা বিশেষ ভাড়ায় বিমানের টিকিট সংগ্রহ করতে পারবেন।
তবে এই রেয়াতি ভাড়া কেবল একমুখী (ওয়ানওয়ে) টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, প্রবাসীদের অবদানকে সম্মান জানিয়ে ভবিষ্যতেও তাদের যাত্রা আরও সাশ্রয়ী, সহজ ও নিরাপদ করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ঘোষিত বিশেষ ভাড়া ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
হাআমা/
