৩৬নিউজ ডেস্ক: চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে পুনর্বাসন সহায়তা কার্যক্রম পরিচালনা করছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনের একটি উচ্চপর্যায়ের কেন্দ্রীয় প্রতিনিধি দল চট্টগ্রামের ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করে অসহায় ও গৃহহীন পরিবারগুলোর মাঝে এই সহায়তা সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।
প্রতিনিধি দলে সরাসরি নেতৃত্ব দিচ্ছেন জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদদীন যাকারিয়া এবং যুগ্ম মহাসচিব মাওলানা মতিউর রহমান গাজীপুরী।
চট্টগ্রাম সফরে পৌঁছেই কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে স্থানীয় দায়িত্বশীলরা যুক্ত হন। এ সময় চট্টগ্রাম জেলা উত্তর জমিয়তের সভাপতি মাওলানা জাফর আহমদ, কেন্দ্রীয় সদস্য ও জেলা উত্তর সাধারণ সম্পাদক মাওলানা ইমরান শিকদার, কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মাওলানা শাব্বীর আহমদ, মহানগর জমিয়তের দায়িত্বশীল মাওলানা শামসুদ্দীন আফতাব, ছাত্র জমিয়ত বাংলাদেশের সহ-সাংগঠনিক সম্পাদক এম. ফুরকান আলী, হাফেজ মাওলানা আজীজুল্লাহ এবং হাফেজ মাওলানা সাইফুল ইসলামসহ আঞ্চলিক অন্যান্য নেতাকর্মীরা ত্রাণ বিতরণে অংশ নেন।
সহায়তা কর্মসূচির অংশ হিসেবে প্রতিনিধি দলটি মঙ্গলবার বেলা ১১টায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরী এলাকায় উপস্থিত হয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৩টি পরিবারের মাঝে নগদ অর্থ তুলে দেন। এর পর তারা বাঁশখালীর কাতারিয়া ইউনিয়নের বাগমারা এলাকায় প্রাকৃতিক দুর্যোগে ঘরবাড়ি হারিয়ে গৃহহীন হয়ে পড়া পরিবারগুলোর মাঝে নতুন ঢেউটিন ও নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
নেতৃবৃন্দ জানান, বাঁশখালীর এই ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সফলভাবে শেষ করার পর তারা চকরিয়া ও মাতামুহুরী এলাকার বন্যা দুর্গত অঞ্চলে যাবেন এবং ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে ধারাবাহিকভাবে পুনর্বাসন সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবেন।
টিএইচএ/
