পিজিআর-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ নির্দেশনা প্রধানমন্ত্রীর

by hsnalmahmud@gmail.com

৩৬ নিউজ ডেস্ক:: প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে তিনি পিজিআর-এর গৌরবময় ভূমিকার প্রশংসা করার পাশাপাশি সমসাময়িক বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনীকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার ওপর জোর দেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে পিজিআর-এর প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, ১৯৭৫ সালের ৫ জুলাই ‘রাষ্ট্রপতির দেহরক্ষী ইউনিট’ হিসেবে এই রেজিমেন্ট আত্মপ্রকাশ করে, যা পরবর্তীতে ১৯ সেপ্টেম্বর জিয়াউর রহমান কর্তৃক‘প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট হিসেবে নামকরণ করা হয়।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বরণের সময় পিজিআর-এর কয়েকজন সদস্যও কর্তব্যরত অবস্থায় শহীদ হন। তাদের এই আত্মত্যাগকে আনুগত্য ও দেশপ্রেমের চূড়ান্ত দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

সুশৃঙ্খলতার স্বীকৃতিস্বরূপ পিজিআর চলতি বছর ন্যাশনাল স্ট্যান্ডার্ড পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় বাহিনীর সকল সদস্যকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি আরও বলেন, বর্তমান আর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে সাইবার যুদ্ধ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও ড্রোন যুদ্ধের মতো বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় পিজিআর-সহ প্রতিটি বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সার্বক্ষণিক প্রস্তুত থাকতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে আমি জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপর আস্থা রাখতে চাই। তাই নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নাগরিক জীবনের স্বাচ্ছন্দ্য বজায় রাখতে হবে। নিরাপত্তা কৌশল যেন এমনভাবে বিন্যাস করা হয়, যাতে জনগণ নিজেদের সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন মনে না করেন।

সশস্ত্র বাহিনীসহ পিজিআর ও এসএসএফের মতো বিশেষায়িত বাহিনীগুলোকে আরও আধুনিকায়নের জন্য সরকার নিয়মিত পদক্ষেপ নিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222