নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রামের বন্যাকবলিত অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করেছে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ।
আজ মঙ্গলবার (২১ জুলাই) দিনব্যাপী জেলার বাঁশখালী ও সাতকানিয়া উপজেলার বিভিন্ন দুর্গত এলাকায় এই জরুরি খাদ্যসামগ্রী ও নগদ সহায়তা প্রদান করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন জাতীয় ইমাম পরিষদের সভাপতি মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া। এ সময় অন্যান্যের মধ্যে সংগঠনটির নেতা মুফতী ইউনুস আহমাদ, মুফতী মানজুর আহমাদ, মুফতী জাকির হুসাইন, মুফতী রকিব উদ্দিন, মুফতী জুনাইদ আহমাদ ও মাওলানা আব্দুল্লাহ আল নোমান উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণের সময় জাতীয় ইমাম পরিষদের সভাপতি মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া বলেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় চট্টগ্রামের বহু পরিবার চরম মানবেতর জীবনযাপন করছে। এই কঠিন দুর্যোগে সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর উচিত বন্যার্তদের পাশে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া। মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে গত এক সপ্তাহ ধরে ত্রাণ ক্যাম্পেইন পরিচালনার পর ক্ষতিগ্রস্ত মানুষের হাতে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।
পরিষদের অন্য নেতারা জানান, যেকোনো দুর্যোগ ও বিপদে মানুষের পাশে দাঁড়ানো ইসলামের অন্যতম শিক্ষা। বন্যাকবলিত পরিবারগুলো যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সে জন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
ত্রাণ বিতরণ শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসন এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য, ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন করে জাতীয় ইমাম পরিষদের প্রতিনিধিদলটি চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক (মুহতামিম) আল্লামা খলীল আহমাদ কোরাইশী এবং পটিয়া মাদ্রাসার মহাপরিচালক মাওলানা ইকরাম হুসাইন ওয়াদুদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।
