ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)-এর বিরুদ্ধে সাইবার আইনে মামলা এবং রাঙ্গামাটিতে দলীয় নেতাকে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে আগামীকাল শুক্রবার (২৬ জুন) দেশব্যাপী বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে দলটি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেল সূত্রে জানা গেছে, আগামীকাল দেশের সকল জেলা ও মহানগরে একযোগে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বিরুদ্ধে সাইবার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এর পাশাপাশি গতকাল রাঙ্গামাটির লংগদু উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নানকে নির্মমভাবে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।
এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর দেশব্যাপী বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরীর বিক্ষোভ মিছিলটি জুমার নামাজ শেষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের সমন্বয়ক মাওলানা মাসউদুর রহমান দেশের সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধি ও ক্যামেরাম্যানদের এই বিক্ষোভ কর্মসূচির সংবাদ সংগ্রহের আহ্বান জানিয়েছেন।
হাআমা/
