৩৬নিউজ ডেস্ক: সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। থ্রিডি বা অন্য যেকোনো আঙ্গিকে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার না করার নির্দেশ দিয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে।
রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে এই নির্দেশনা সংক্রান্ত পরিপত্রটি জারি করা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এই পরিপত্রে বলা হয়েছে, এখন থেকে সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের মূল বিষয়বস্তুকে প্রাধান্য দিতে হবে। একই সঙ্গে সেখানে প্রাসঙ্গিক ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করার নির্দেশ দেওয়া হয়েছে।
পরিপত্রে আরও উল্লেখ করা হয়, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে, যাতে সংশ্লিষ্ট অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু জনসাধারণের কাছে স্পষ্টভাবে প্রতিফলিত হয়। বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল উল্লেখ করে পরিপত্রে এই আদেশ অনতিবিলম্বে কার্যকর করার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই পরিপত্রটি প্রয়োজনীয় ব্যবস্থা ও বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব সরকারি দপ্তরে পাঠানো হয়েছে।
টিএইচএ/
