আফগানিস্তানের জনগণের প্রতি সদ্ভাবনা ও মানবিক সহায়তার অংশ হিসেবে দেশটিকে পাঁচটি অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে ভারত। শুক্রবার (১০ অক্টোবর) নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকির হাতে এই অ্যাম্বুলেন্সগুলো তুলে দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এটি মোট ২০টি অ্যাম্বুলেন্স উপহারের একটি অংশ। অবশিষ্ট ১৫টি পরবর্তী ধাপে হস্তান্তর করা হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জয়শঙ্কর লেখেন—
“আমরা আফগান জনগণের স্বাস্থ্য নিরাপত্তায় দীর্ঘদিন ধরে কাজ করছি। এই ২০টি অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সরঞ্জাম আমাদের দীর্ঘমেয়াদি সহযোগিতার প্রতিফলন। আজ আমি পররাষ্ট্রমন্ত্রী মুততকির হাতে পাঁচটি অ্যাম্বুলেন্স প্রতীকীভাবে তুলে দিচ্ছি।”
তিনি আরও জানান, আফগানিস্তানের উন্নয়ন ও অগ্রগতিতে ভারত ছয়টি নতুন প্রকল্প হাতে নিচ্ছে, যার বিস্তারিত আলোচনার পর প্রকাশ করা হবে।
জয়শঙ্কর বলেন, “ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আফগান জনগণের মঙ্গলেই কাজ করছি।”
এ সময় তিনি জানান, ভারত আফগান হাসপাতালে এমআরআই ও সিটি স্ক্যান মেশিন, ক্যানসার চিকিৎসা ও টিকা সরবরাহ, এবং মাদক পুনর্বাসন সামগ্রী প্রদানেরও পরিকল্পনা করেছে।
এদিকে ভারতের এই উপহারকে “আন্তর্জাতিক সদ্ভাবনার প্রতীক” হিসেবে অভিহিত করেছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী মওলভি আমির খান মুত্তাকি। তিনি বলেন,
“ভারত সবসময় আফগান জনগণের পাশে ছিল। আমরা আশা করি, এই বন্ধুত্ব ভবিষ্যতেও জোরদার হবে।”
এরই সঙ্গে শুক্রবারের বৈঠকে জয়শঙ্কর ঘোষণা দেন, কাবুলে ভারতের টেকনিক্যাল মিশনের মর্যাদা বাড়িয়ে তা ‘ভারতীয় দূতাবাসে’ উন্নীত করা হচ্ছে।
এটি তালেবান সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বৃহস্পতিবার থেকে এক সপ্তাহের সফরে ভারতে রয়েছেন। আগস্ট ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর এটি আফগানিস্তানের পক্ষ থেকে নয়াদিল্লিতে পাঠানো প্রথম উচ্চপর্যায়ের কূটনৈতিক প্রতিনিধি দল।
সূত্র: এএনআই, ফ্রি প্রেস জার্নাল
এনএ/
