আবারও বাড়ছে গাইবান্ধার পাঁচ নদীর পানি, ফের বন্যার শঙ্কা

by Abid vs36

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিপাতের প্রভাবে উত্তরের জেলা গাইবান্ধায় আবারও দ্রুত বৃদ্ধি পাচ্ছে তিস্তা, ব্রহ্মপুত্র-যমুনা, করতোয়া ও ঘাঘট নদীর পানি। পানির অতিরিক্ত চাপ সামলাতে তিস্তা ব্যারাজের ৪৪টি কপাট বা গেটই খুলে দিয়েছে ডালিয়া ব্যারাজ কর্তৃপক্ষ। নদীগুলোর পানি অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়ায় জেলাজুড়ে নতুন করে ভয়াবহ বন্যার আশঙ্কায় দিন কাটাচ্ছেন নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বাসিন্দা ও কৃষকেরা।

 ব্রহ্মপুত্র ও যমুনা নদীবেষ্টিত চরাঞ্চলগুলোর অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। চারিদিকে শুধু থৈ থৈ পানি। স্থানীয় কৃষকরা জানান, গত সপ্তাহের পানি বৃদ্ধির ধাক্কা ও ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার আগেই পুনরায় পানির এই আধিক্য তাদের চরম বিপাকে ফেলেছে। ফুলছড়ির পাটচাষি নজরুল ইসলাম ও কলিম উদ্দিন আক্ষেপ প্রকাশ করে জানান, একাধিকবার নদী উপচে ক্ষেত তলিয়ে যাওয়ায় কোমরপানিতে নিমজ্জিত থাকা পাট ও শাক-সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন
banner

পানি বৃদ্ধির পাশাপাশি সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে তীব্র নদীভাঙন। সাঘাটার রামনগর এলাকার ত্রিমোহনী ব্রিজ সংলগ্ন অংশ ভেঙে নদীগর্ভে বিলীন হতে থাকায় ব্রিজটি এখন মারাত্মক হুমকির মুখে পড়েছে। ভাঙন ও দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নিয়ে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল কবির জানান, উপদ্রুত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নের জন্য সংশ্লিষ্ট চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে জরুরি সহায়তার আবেদন জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি কাউনিয়া (সুন্দরগঞ্জ) পয়েন্টে ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার মাত্র ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ফুলছড়ি পয়েন্টে ব্রহ্মপুত্র-যমুনার পানি ৪৪ সেন্টিমিটার, ঘাঘট নদীর পানি ২৭ সেন্টিমিটার এবং করতোয়া নদীর পানি ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেলেও তা এখনো বিপৎসীমার নিচেই রয়েছে। যেসব স্থানে নদীভাঙন দেখা দিয়েছে সেখানে জিও ব্যাগ ফেলে প্রতিরক্ষামূলক জরুরি কাজ চালানো হচ্ছে।

অপরদিকে ঘাঘট নদীর ঝুঁকিপূর্ণ বাঁধ এলাকা পরিদর্শন শেষে গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা জানান, গাইবান্ধা শহর রক্ষা বাঁধের সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে সার্বক্ষণিক সমন্বিতভাবে সতর্ক ও সক্রিয় ভূমিকা রাখার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222