ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা–১১ নির্বাচনী পরিচালনা কমিটির উদ্যোগে থানা, ওয়ার্ড, ইউনিট ও সহযোগী সংগঠনের দায়িত্বশীলদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) রাজধানীর রামপুরার আল–কারীম অডিটোরিয়ামে এ সভা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা–১১ আসনে পীর সাহেব চরমোনাই মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, আর্থ–সামাজিক উন্নয়ন ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তির প্রতীক ‘হাতপাখা’কে বিজয়ী করতেই হবে।
তিনি বলেন, ‘এই আসনের প্রতিটি ভোটারের দোরগোড়ায় হাতপাখার দাওয়াত পৌঁছে দিতে হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আমাদের সবাইকে সর্বোচ্চ ত্যাগ ও কুরবানির মনোভাব নিয়ে মাঠে থাকতে হবে।’
সভায় সভাপতিত্ব করেন আসন কমিটির আহ্বায়ক মুফতি ফরিদুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মুফতি হাবিবুল্লাহ, মুফতি ফয়জুল্লাহ, নাজমুল হক, হাজী ইসমাঈল হোসেন, মাওলানা জাকির হোসেন, মুহাম্মাদ আবুল হোসেন, আব্দুল আজিজ, ইদ্রিস আকনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
দায়িত্বশীলদের উদ্দেশে শেখ মাসউদ আরও বলেন, ‘হাজার হাজার তরুণের রক্তে অর্জিত জুলাই ’২৪ বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশকে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস ও ধর্ষকদের প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত করতে হবে। এই যুদ্ধে জয়ী হতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’
সভা শেষে নেতারা নির্বাচনী মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
হাআমা/
