ইরানে সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে—এমন আশ্বাস পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানে আর কোনো বিক্ষোভকারীর বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না। তিনি বলেন, ইরানের অভ্যন্তরের নির্ভরযোগ্য ও গুরুত্বপূর্ণ সূত্র থেকে তিনি এ তথ্য নিশ্চিত হয়েছেন।
বুধবার (১৪ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরান পরিস্থিতি নিয়ে এসব মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সম্ভাবনা পুরোপুরি নাকচ করা যাচ্ছে না। পরিস্থিতি কোন দিকে এগোয়, তার ওপর ভিত্তি করেই ওয়াশিংটন পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই। তিনি এ ধরনের গুঞ্জনকে ভিত্তিহীন বলেও উল্লেখ করেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছিল। এর আগে বার্তা সংস্থা রয়টার্স সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানায়, যুক্তরাষ্ট্র ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা চালাতে পারে এমন আশঙ্কা জোরালো হয়ে উঠেছিল।
টিএইচএ/
