যুক্তরাষ্ট্রের হামলার পর আত্মরক্ষার্থে কাতার, কুয়েত ও বাহরাইনসহ উপসাগরীয় দেশগুলোতে মার্কিন বিমান ঘাঁটিতে পাল্টা হামলা চালিয় তেহরান। এতে নতুন করে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।
কাতার নিউজ এজেন্সির তথ্যমতে, কাতারের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির কাছ থেকে একটি ফোন কল পান এবং আঞ্চলিক পরিস্থিতির সর্বশেষ ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা করেন। দোহার পক্ষ থেকে হরমুজ প্রণালীতে বিভিন্ন জাহাজের ওপর হামলার নিন্দা জানানো হয়েছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তির শর্তাবলি বাস্তবায়নের লক্ষ্যে সংলাপ ও কূটনীতির ওপর জোর দেওয়া হয়েছে।
অন্যদিকে কাতারের পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও কথা বলেছেন। ফোনালাপে তিনি সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি জাহাজ লক্ষ্য করে হামলার নিন্দা জানিয়েছেন।
হরমুজ প্রণালীর কাছে ওমানের জলসীমা দিয়ে যাওয়ার সময় কাতার ও সৌদি আরবের জাহাজগুলো ইরানি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এই হামলার ঘটনা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি সংঘাতের সূত্রপাত ঘটায়।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের উপকূলরেখা বরাবর ৯০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর জবাবে ইরানের রেভল্যুশনারি গার্ডস জানিয়েছে, তারা কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করেছে। অন্যদিকে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা কাতারে অবস্থিত একটি মার্কিন সামরিক স্থাপনায় আঘাত হেনেছে। সূত্র: সিএনএন, আলজাজিরা।
