মোঃ নিজাম উদ্দীন স্বাধীন, স্টাফ রিপোর্টার: রাজধানীর ঢাকা-৪ আসনে নির্বাচনে পরাজিত হলেও জনকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয় রয়েছেন বিএনপি নেতা তানভীর আহমেদ রবিন। স্থানীয়দের দাবি, তিনি নিয়মিতভাবে এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সম্প্রতি কদমতলী থানার মুরাদপুর এলাকার ৫২ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের পানির সংকট নিরসনে উদ্যোগ নেন তানভীর আহমেদ রবিন। তিনি ওয়াসার প্রধান নির্বাহীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। পরে প্রকৌশলীদের ঘটনাস্থলে এনে কাজ সম্পন্নের মাধ্যমে পানি সমস্যার সমাধান করা হয়।
এছাড়া ঈদের দিনও তিনি জনসেবামূলক কার্যক্রমে যুক্ত ছিলেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের সঙ্গে আলোচনা করে জুরাইন কবরস্থানে দাফন ফি কমিয়ে ৫০০ টাকা নির্ধারণে ভূমিকা রাখেন। একই দিন সংশ্লিষ্ট নির্দেশনা কবরস্থানের কার্যালয়ে পৌঁছে দিয়ে তা কার্যকর করা হয়।
শুধু প্রশাসনিক উদ্যোগই নয়, ঈদ উপলক্ষে তিনি এলাকার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করেন, যাতে সবাই আনন্দের সঙ্গে ঈদ উদ্যাপন করতে পারে।
স্থানীয় বাসিন্দারা তার এ কার্যক্রমের প্রশংসা করেছেন। মুরাদপুর এলাকার এক বাসিন্দা বলেন, “তানভীর আহমেদ রবিন একজন সৎ ও মানবিক মানুষ। তিনি সবসময় মানুষের পাশে থাকেন।”
জুরাইন কবরস্থানের পাশের এক বাসিন্দা জানান, “আগে দাফনের জন্য অনেক বেশি খরচ হতো। এখন তা কমেছে, এজন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ।”
উল্লেখ্য, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হন তানভীর আহমেদ রবিন। তবে নির্বাচনের পরও তিনি এলাকায় সক্রিয় থেকে জনসেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে স্থানীয়দের দাবি।
হাআমা/
