ঐতিহাসিক সফরে ভারতে যাচ্ছেন আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকী। ২০২১ সালের আগস্টে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর এটি হবে কাবুল থেকে দিল্লিতে প্রথম কোনও উচ্চপর্যায়ের সফর। মুত্তাকী আগামী ৯ অক্টোবর নয়াদিল্লি পৌঁছাবেন, তার এই সফরকে ভারত-আফগানিস্তান সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মুত্তাকিকে আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, এতে আফগান পররাষ্ট্রমন্ত্রী আগামী ৯ থেকে ১৬ অক্টোবরের মধ্যে নয়াদিল্লি সফর করতে পারবেন।
ভারতীয় কূটনৈতিক মহল কয়েক মাস ধরে এ সফরের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। চলতি বছরের জানুয়ারি থেকে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ও সিনিয়র আইএফএস কর্মকর্তা জে.পি. সিং দুবাইসহ নিরপেক্ষ স্থানে একাধিক দফায় মুত্তাকী ও অন্যান্য তালেবান নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠতে মূলত আফগানিস্তানে ভারতের দেওয়া মানবিক সহায়তা, বিশেষ করে স্বাস্থ্য খাতকে শক্তিশালী করা এবং শরণার্থী পুনর্বাসনে সহায়তা নিয়ে আলোচনা হয়।
এছাড়াও পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর গত ১৫ মে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে ফোনে কথা বলেন। ২০২১ সালের পর এটিই ছিল দুই দেশের প্রথম মন্ত্রীপর্যায়ের যোগাযোগ। সেই আলোচনার সময়, জয়শঙ্কর পহেলগাম সন্ত্রাসী হামলার নিন্দা জানানোর জন্য তালেবানের প্রশংসা প্রকাশ করেন এবং ‘আফগান জনগণের সাথে ভারতের ঐতিহ্যবাহী বন্ধুত্ব’ পুনর্ব্যক্ত করেন।
প্রসঙ্গত, এপ্রিলের শুরুতে তালেবানরা কাবুলে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে ভারতের কাশ্মীরের পহেলগাম সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছিল।
অন্যদিকে সেপ্টেম্বরে ভয়াবহ ভূমিকম্পের পর ভারত প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রদেশগুলোতে দ্রুত ১ হাজার পারিবারিক তাঁবু এবং ১৫ টন খাদ্য সরবরাহ প্রেরণ করে। এর পরেই অতিরিক্ত ২১ টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়, যার মধ্যে রয়েছে প্রয়োজনীয় ওষুধ, স্বাস্থ্যবিধি কিট, কম্বল এবং জেনারেটরও ছিল। এছাড়াও ২০২১ সালের আগস্টে তালেবানদের ক্ষমতা গ্রহণের পর থেকে এখন পর্যন্ত আফগানিস্তানে প্রায় ৫০ হাজার টন গম, ৩৩০ টনেরও বেশি ওষুধ ও টিকা এবং ৪০ হাজার লিটার কীটনাশক সরবরাহ করেছে ভারত।
এনএ/
