কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের সব ধরনের বই-পুস্তক নিষিদ্ধের দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৫ আগস্ট অনুষ্ঠিতব্য জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করার উদ্দেশ্যে এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের উদ্যোগে দারুল উলূম মিরপুর জোনের আয়োজনে মঙ্গলবার (৪ আগস্ট) মাগরিবের নামাজের পর এই সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর মিরপুর জোনের সভাপতি মাওলানা সানাউল্লাহর সভাপতিত্বে এবং জোন সেক্রেটারি মাওলানা নজিরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী। তিনি বলেন, খতমে নবুওয়তের আকীদা হলো ইমানের অন্যতম মৌলিক ভিত্তি। কাদিয়ানীরা শেষ নবী হযরত মুহাম্মদ (সা.)-এর নবুওয়তকে অস্বীকার করে নিজেদের মুসলিম পরিচয় দিয়ে বিশ্ব মুসলিমকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। তাই তাদের অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে এবং তাদের সব ধরনের বিভ্রান্তিকর বই-পুস্তক বাজেয়াপ্ত ও নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
মাওলানা মুহিউদ্দিন রাব্বানী আরও জানান, এই দাবি আদায়ে আগামী ১৫ আগস্ট দুপুর ২টা থেকে রাজধানীর রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) হলরুমে জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে হলরুম বুকিং সম্পন্ন হয়েছে এবং দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। এই মহাসমাবেশ সফল করতে দেশের সর্বস্তরের উলামায়ে কেরাম ও তাওহিদী জনসাধারণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে হাফেজ মাওলানা সানাউল্লাহ বলেন, খতমে নবুওয়তের পবিত্র আকিদা রক্ষায় যেকোনো ধরনের ত্যাগ স্বীকার করতে দেশের আলেম সমাজ সর্বদাই প্রস্তুত রয়েছে। ১৫ আগস্টের ঐতিহাসিক সম্মেলন সফল করতে মিরপুর জোনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হবে বলে ঘোষণা দেন তিনি। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা শাব্বির আহমাদ কাসেমী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা রাশেদ বিন নূর এবং কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক মাওলানা আফসার মাহমুদ। এ সময় মিরপুর অঞ্চলের বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, শিক্ষক ও স্থানীয় বিশিষ্ট উলামায়ে কেরাম উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
টিএইচএ/
