যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হামট্র্যাক শহরে আগামী ১৫ ও ১৬ আগস্ট দুই দিনব্যাপী জাঁকজমকপূর্ণ ‘ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রবাসজীবনে নতুন প্রজন্মের মাঝে পবিত্র কোরআন ও সুন্নাহর সঠিক শিক্ষা, সমৃদ্ধ ইসলামিক সংস্কৃতি এবং উচ্চ নৈতিক মূল্যবোধ বিকাশের মহৎ উদ্দেশ্য নিয়ে এই উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবকে সফল ও সর্বসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে সম্প্রতি স্থানীয় সংবাদকর্মীদের উপস্থিতিতে বিস্তারিত তথ্য তুলে ধরে একটি সংবাদ সম্মেলন সম্পন্ন করেছে আয়োজক কমিটি।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আয়োজক কমিটির সেক্রেটারি শায়খ মুহাম্মদ ফখরুল ইসলাম এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা কবির আহমদ। আয়োজকরা জানান, বহুজাতিক সংস্কৃতির প্রবাসে নিজেদের শেকড় ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে নতুন প্রজন্মকে সম্পৃক্ত রাখাই এই আয়োজনের প্রধান লক্ষ্য। দুই দিনব্যাপী এই সাংস্কৃতিক উৎসব প্রতিদিন বিকেল ৩টা থেকে শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলবে এবং এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
আসন্ন এই উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে দেশ ও বিদেশের খ্যাতনামা ক্বারি, প্রথিতযশা ইসলামী চিন্তাবিদ এবং জনপ্রিয় নাশিদ শিল্পীরা অংশ নেবেন। বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারি আহমাদ বিন ইউসুফ আল-আজহারী, মিশরের প্রখ্যাত ক্বারি ও নাশিদ শিল্পী মোহাম্মদ আব্বাস, বিশিষ্ট ইসলামী স্কলার শায়খ আমিন মুহাম্মদ এবং শায়খ আবদুল করিম ইয়াহইয়াসহ কমিউনিটির বহু পরিচিত ও বরেণ্য মুখ।
উৎসবের বহুমুখী সূচিতে থাকছে পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা, মনমুগ্ধকর নাশিদ পরিবেশনা, সমৃদ্ধ ইসলামিক প্রদর্শনী, ঐতিহ্যবাহী বইমেলা এবং কেনাকাটার জন্য বিশেষ বাজার। এর পাশাপাশি প্রবাসী বাংলাদেশিসহ সাধারণ মানুষের কল্যাণে থাকছে ফ্রি মেডিকেল ক্যাম্প, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে চাকরি মেলা এবং শিশু-কিশোর ও পরিবারবর্গের জন্য বিশেষ বিনোদনের ব্যবস্থা।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন অর্থাৎ আগামী ১৬ আগস্ট দুপুরে একটি বিশেষ গ্র্যান্ড র্যালির আয়োজন করা হয়েছে। সূচি অনুযায়ী এদিন দুপুর ১টায় মধ্যাহ্নভোজ এবং ২টায় জোহরের জামাত অনুষ্ঠিত হবে। এরপর দুপুর আড়াইটা থেকে আনুষ্ঠানিকভাবে এই বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হবে। মিশিগানসহ যুক্তরাষ্ট্রের পার্শ্ববর্তী অঙ্গরাজ্যগুলোর সকল মুসলিম কমিউনিটিকে পরিবার-পরিজনসহ দলবেঁধে এই সাংস্কৃতিক উৎসবে অংশ নেওয়ার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন আয়োজক কমিটি।
টিএইচএ/
