গণভোটের রায় না মানলে সরকারকে ‘অবৈধ’ ঘোষণার হুঁশিয়ারি এনসিপির

by Fatih Work

মোঃ নিজাম উদ্দিন স্বাধীন (স্টাফ রিপোর্টার): গণভোটের রায় উপেক্ষা করলে বর্তমান সরকারকে ‘অবৈধ’ আখ্যায়িত করে রাজপথে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (৫ এপ্রিল) দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই চরমপত্র ঘোষণা করেন। বিএনপি সরকারের পক্ষ থেকে গণভোটের রায় ও রাষ্ট্র সংস্কারের জরুরি অধ্যাদেশগুলো বাতিলের উদ্যোগসহ সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এনসিপি মুখপাত্র সরকারের বর্তমান কর্মকাণ্ডকে স্বৈরাচারী লক্ষণের সাথে তুলনা করে বলেন, জনগণের ম্যান্ডেটকে সম্মান না জানালে এই সরকারকে আর বৈধ হিসেবে গণ্য করার সুযোগ থাকবে না।

বিজ্ঞাপন
banner

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ৬৯-এর গণ-অভ্যুত্থানের অর্জন যখন রক্ষা করা যায়নি, তখনই ৭১ সংঘটিত হয়েছিল। একইভাবে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের অর্জন ও চেতনা যদি রক্ষা করা না যায়, তবে ২০২৬ বা ২০২৭ সালে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে। তিনি অত্যন্ত কঠোর ভাষায় বলেন, বিগত সময়ে দেশে ফ্যাসিবাদ দেখা গিয়েছে এবং বর্তমান সরকারের মাঝেও এখন স্বৈরাচারের সকল লক্ষণ ফুটে উঠছে। যদি এই সরকার অবিলম্বে গণভোটের রায় মেনে না নেয়, তবে সেই দিন থেকেই এনসিপি তাদের ‘অবৈধ সরকার’ হিসেবে ঘোষণা করবে। তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, আপনারা যেমন গণ-অভ্যুত্থানের অর্জনগুলো ধূলিসাৎ করতে সময় নিচ্ছেন না, আমরাও আপনাদের অবৈধ বলতে সময় নেব না।

এ সময় আসিফ মাহমুদ আরও উল্লেখ করেন যে, জাতীয় নাগরিক পার্টি শুরু থেকেই এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে চেয়েছিল, কিন্তু সরকারের সদিচ্ছার অভাবেই তা সম্ভব হচ্ছে না। বৈশ্বিক সংকট মোকাবিলায় এনসিপি সকল অংশীজনের সঙ্গে বসে কাজ করতে আগ্রহী থাকলেও সরকারের একতরফা সিদ্ধান্ত পরিস্থিতিকে জটিল করে তুলছে। তিনি স্পষ্ট করে বলেন, এত দ্রুত রাজপথে নামার পরিকল্পনা বিরোধী রাজনৈতিক জোটের ছিল না; কিন্তু গণভোট নিয়ে সরকার যে নাটকীয়তা শুরু করেছে, তাতে রাজপথে নামা ছাড়া আর কোনো বিকল্প অবশিষ্ট নেই। এই সংঘাতময় পরিস্থিতি কারও জন্যই মঙ্গলজনক হবে না বলে তিনি সতর্ক করে দেন।

সংবাদ সম্মেলনে এনসিপির সংস্কার কমিটির সদস্য অ্যাডভোকেট জাবেদ রাসেল, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222