গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত থামব না: ইশরাক হোসেন

by Abid vs36

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণ করে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, বাংলাদেশে সংঘটিত গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা কখনোই থামবেন না।

বুধবার (৫ আগস্ট) ভোরে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন
banner

ইশরাক হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের অবদান বর্তমান প্রজন্ম কখনো ভুলবে না। বাংলাদেশে সংঘটিত গণহত্যার বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত এই বিচার নিশ্চিত করার দাবি থেকে তারা একচুলও সরে আসবেন না। এ সময় তিনি অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার একটি চক্রান্তের কথা তারা শুনতে পেয়েছেন। যদিও সংশ্লিষ্ট পক্ষ এটিকে আনুষ্ঠানিক আয়োজন নয় বলে উল্লেখ করেছে, তবুও সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির নানামুখী চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, এই অস্থিরতা দীর্ঘমেয়াদি কোনো ষড়যন্ত্রের অংশ হতে পারে। তার দাবি, পতিত ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশ থেকে অতীতে লুটপাট করা অর্থ পুনরায় দেশে বিনিয়োগ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানো এবং রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার অপচেষ্টা চালাচ্ছ। ফ্যাসিবাদকে আর কখনো এই মাটিতে ফিরে আসতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, কেউ ফিরে আসার চেষ্টা করলে গণহত্যার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনি রায় কার্যকরের মাধ্যমেই রাজনীতিতে তাদের অধ্যায়ের চিরতরে সমাপ্তি ঘটবে।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানেও স্পষ্ট দেখা গেছে বলে মন্তব্য করেন ইশরাক হোসেন। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের দাবিতে ছাত্র-জনতা সব ভয়ভীতি উপেক্ষা করে রাজপথে নেমে এসেছিল। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার কাজ করে যাবে উল্লেখ করে তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে দৃঢ়ভাবে মোকাবিলা করা হবে। জনগণের ভোটে নির্বাচিত কোনো গণতান্ত্রিক সরকারকে দুর্বল করার অপচেষ্টা চালানো হলে তা কঠোরহস্তে প্রতিহত করা হবে।

বর্তমানে যারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছে, তাদের সঙ্গে পতিত স্বৈরাচারী শক্তির কোনো যোগসূত্র বা গোপন যোগাযোগ রয়েছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করেন প্রতিমন্ত্রী। এমন যেকোনো অসদুপায় ও তৎপরতা প্রমাণিত হলে তা সম্মিলিতভাবে মোকাবিলা করে বাংলাদেশকে কাঙ্ক্ষিত গণতান্ত্রিক লক্ষ্যে এগিয়ে নেওয়ার কাজ নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে বলে জানান তিনি।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222