মো. নিজাম উদ্দিন স্বাধীন (স্টাফ রিপোর্টার)
গোপালগঞ্জে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ও জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনের সড়কে দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শহরজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা স্টেডিয়ামের সামনের তিন রাস্তার মোড়ে পরপর দু’টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ওই সময় বিকট শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে চারদিক ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। তবে এতে কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সরোয়ার হোসেন জানান, “খবর পেয়ে গোপালগঞ্জ থানা পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। তবে সেখানে কোনো পিলেট বা ধাতববস্তু পাওয়া যায়নি। শুধু পাউডার পাওয়া গেছে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।”
জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, “এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। আইনগত যেসব ব্যবস্থা নেয়ার প্রয়োজন, আমরা সেদিকে এগোচ্ছি। ইতোমধ্যে পুলিশের টহল জোরদার করা হয়েছে। প্রয়োজনে রেডও (অভিযান) হবে। এছাড়া সেনা সদস্যদের টহলও বাড়ানো হয়েছে। সবমিলিয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।”
এমএআর/
