রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইল কবরস্থান মসজিদ প্রাঙ্গণে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা-৫ আসন নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা আজ ৪ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়।
জনসভায় ঢাকা-৫ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী হাজী মোঃ ইবরাহীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে এবং একটি মানবিক ও ইনসাফপূর্ণ সমাজ গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ। ইসলামী অনুশাসন ব্যাতীত ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। জনগণের প্রত্যাশা পূরণে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রতীক হাতপাখায় ভোট দিন। ডেমরা ও যাত্রাবাড়ীর জনতার শান্তি ও উন্নয়নের লক্ষ্যে চাঁদাবাজমুক্ত উন্নত ঢাকা-৫ গড়তে হাজী মোঃ ইবরাহীম কে হাতপাখা প্রতীকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, নীতি আদর্শের পরিবর্তন ব্যতীত কাঙ্খিত মুক্তি লাভ করা সম্ভব নয়। হাজী মোঃ ইবরাহীম একজন পরীক্ষিত ও নীতিবান নেতা। দুইবারের কাউন্সিলর থাকাকালীন তিনি কখনোই নিজেকে কোন দূর্নীতির সাথে সম্পৃক্ত করেননি। তাই ভালো নেতা ও নীতির মাধ্যমে একটি আদর্শ ডেমরা-যাত্রাবাড়ী গড়তে হাজী ইবরাহীমকে হাতপাখায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।
সভাপতির বক্তব্যে ঢাকা-৫ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী হাজী মোঃ ইবরাহীম বলেন, গত ৫৪ বছরে ১২টি নির্বাচনে এই অঞ্চল থেকে বহু জনপ্রতিনিধি নির্বাচিত হলেও ডেমরা, যাত্রাবাড়ী ও কদমতলীর মানুষের ভাগ্যের প্রকৃত পরিবর্তন হয়নি। চাঁদাবাজি, জুলুম, লুটতরাজ, জমিদখল ও দুর্নীতির কারণে এ অঞ্চলের মানুষ আজ নাভিশ্বাস ফেলছে। তাই কেবল ব্যক্তি পরিবর্তন নয়, বরং নীতি ও আদর্শের মৌলিক পরিবর্তনের জন্য হাতপাখায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, নির্বাচিত হলে ডেমরা-যাত্রাবাড়ী অঞ্চলের চাঁদাবাজি চিরতরে দাফন করা হবে। বাড়িঘর নির্মাণে কাউকে চাঁদা দিতে হবে না, সরকারি অফিসে ঘুষ দিতে হবে না। গ্যাস সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তরুণদের কর্মসংস্থানের জন্য উদ্যোক্তা প্রশিক্ষণ কেন্দ্র ও স্কিল ডেভেলপমেন্ট সেন্টার গড়ে তোলা হবে। নারী ও প্রবীণদের জন্য বিশেষ উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হবে। অবকাঠামোগত উন্নয়নে শতভাগ গুণগত মান নিশ্চিত করা হবে এবং প্রশাসনকে দলীয় প্রভাব ও দুর্বৃত্তায়নমুক্ত করে সুশাসন প্রতিষ্ঠা করা হবে।
তিনি আরও বলেন, আমি আপনাদেরই সন্তান হাজী মোঃ ইবরাহীম। আপনাদের ভালোবাসা ও আস্থায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৭ নম্বর ওয়ার্ডে দুইবার নির্বাচিত কাউন্সিলর হিসেবে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করেছি। এবার আপনাদের দোয়া, সমর্থন ও পরামর্শ নিয়ে চাঁদাবাজি, দখলদারি ও দুর্নীতিমুক্ত, নিরাপদ, আধুনিক ও মানবিক ঢাকা-৫ গড়ে তুলতে চাই, ইনশাআল্লাহ।
জনসভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মুফতি রেজাউল করিম আবরার, ডঃ শহিদুল ইসলাম, ঢাকা-৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাজ্ব আলতাফ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি আলহাজ্ব এম এইচ মোস্তফাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
হাআমা/
