জমি নিয়ে বিরোধের জের ধরে ফরিদগঞ্জে পাঞ্জেগানা মসজিদ ভেঙে ফেলার অভিযোগ

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

জমি নিয়ে বিরোধের জের ধরে ফরিদগঞ্জে রাতের আঁধারে একটি পাঞ্জেগানা মসজিদ ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে মো. হাবিবুর রহমান নামে একজন ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) রাতে ফরিদগঞ্জ পৌর এলাকার সাহাপুর গ্রামের নুরুল ইসলাম পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

অভিযোগের বাদী হাবিবুর রহমান জানান, সাহাপুর গ্রামের কোম্পানি বাড়ির সামনের ৪০ বছর পূর্বে নিজের বাড়ির এবং এলাকার মানুষের নামাজ পড়ার সুবিধার্থে পাঞ্জেগানা মসজিদ তৈরি করেন প্রয়াত নুরুল ইসলাম পাটওয়ারী। কিন্তু একই বাড়ির সেলিম পাটওয়ারী গংরা ওই সম্পত্তিতে নিজেদের দাবি করে ঝামেলা করে আসছে। কিন্তু নুরুল ইসলাম পাটওয়ারীর ছেলে মাহবুবুর রহমান পাটওয়ারীর বার বার তাদের কাগজপত্র নিয়ে আসার জন্য বললেও তারা তা শুনছেন না।

তিনি বলেন, “গত ২৩ ডিসেম্বর তারা মসজিদটি ভাঙার প্রস্তুতি নিলে পুলিশকে জানানো হয়। পুলিশ তাদেরকে কাগজপত্র নিয়ে থানায় আসার জন্য বলেন। কিন্তু তারা তা না করে ২৪ ডিসেম্বর রাতে সেলিম পাটওয়ারীরসহ লোকজন মসজিদ ভেঙে ফেলে। এ সময়ের তাদের বাধা দিতে গেলে তারা ভয়ভীতি দেখায়। পরে তিনি মাহবুবুর রহমানের সম্পত্তির কেয়ারটেকার হিসেবে তার পক্ষ হয়ে তিনি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।”

এ ব্যাপারে সেলিম পাটওয়ারী জানান, এই সম্পত্তি নিয়ে প্রতিপক্ষরা আদালতে বেশ কয়েকটি মামলা করেছে। এসব মামলায় আমি নিজে জেল খেটেছি। সব মামলা আমাদের পক্ষে গেছে। ওই সম্পত্তিটি আমাদের। পাশেই আমরা একটি বড়ো মসজিদ করেছি। এই পাঞ্জেগানা মসজিদটি তাই ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছি। থানায় অভিযোগ দায়েরের পর আমরা কাগজপত্র দেখানোর পর ওসি সাহেব আমাদের কাজ করতে বলেছেন। তাই আমরা কাজ করছি।

তবে এলাকায় স্থানীয় লোকজন জানান, কোম্পানি বাড়িতে দীর্ঘদিন সম্পত্তিগত বিরোধ নিয়ে ঝামেলা চলমান রয়েছে। ওই পাঞ্জেগানা মসজিদের পাশে আরেকটি বড়ো মসজিদ নির্মিত হয়েছে। সব পক্ষ একত্রিত হয়ে মসজিদটি বিষয়ে সিদ্ধান্তে আসা প্রয়োজন ছিল। কিন্তু রাতের আঁধারে এভাবে পাঞ্জেগানা মসজিদ ভাঙা ঠিক হয়নি।

ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, ইতোপূর্বে মসজিদ নিয়ে ঝামেলার বিষয়ে আমার কাছে আসলে, আমি উভয়পক্ষকে এক সঙ্গে থেকে দিনের বেলায় কাজ করার জন্য বলেছি। কিন্তু তারা তা না করে রাতের বেলায় ভেঙেছে বলে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222